সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধর গ্রামে বাউলসম্রাট শাহ আবদুল করিমের বাড়িতে সশস্ত্র হামলাকারীদের গতকাল শুক্রবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) গৌতম কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এদিকে শাহ আবদুল করিমের শিষ্য-অনুরাগীরা আজ শনিবার বাউলসম্রাটের বাড়িতে উপস্থিত হয়ে তাঁর পরিবারের প্রতি সান্ত্বনা প্রদর্শন করে ‘সান্ত্বনা কর্মসূচি’ পালন করবেন। বিকেল চারটার দিকে হামলাকারীদের আক্রমণের শিকার শাহ আবদুল করিম সংগীতালয়ে অনুষ্ঠিত হবে ‘প্রতিবাদী বাউল গানের আসর’। এতে বাউলসম্রাটের শিষ্য বাউলেরা সংগীত পরিবেশন করবেন।এএসপি গৌতম কুমার দাস গতকাল সন্ধ্যা ছয়টার দিকে বাউলসম্রাটের গ্রামের বাড়িতে যান। এ সময় তিনি হামলায় ভাঙচুর করা স্থান পরিদর্শন করেন। পরে গ্রামবাসীর সঙ্গে মতবিনিময়কালে গৌতম কুমার দাস বলেন, ‘বাউলসম্রাট শাহ আবদুল করিম কোনো ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। তাঁর অমর কীর্তি যেকোনো মূল্যে বাঁচিয়ে রাখতে হবে। তাঁর শিষ্য-অনুসারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সার্বিক সহায়তা করবে। ঐতিহ্যবাহী এই পরিবারের প্রতি হামলা আমরা অবশ্যই ভালো চোখে দেখছি না। যেকোনো মূল্যে প্রশাসন তাঁদের নিরাপত্তা দেবে এবং ন্যায়বিচার নিশ্চিত করবে।’