আজ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী
আজ ৩০ মে সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক ছিলেন।বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রতিবছর দিনটি জিয়াউর রহমানের ‘শাহাদাৎ বার্ষিকী’ হিসেবে পালন করে। এ বছর দিনটি উপলক্ষে বিএনপি আট দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে রয়েছে: আজ বুধবার ভোরে কেন্দ্রীয় ও জেলা কার্যালয়গুলোতে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা, সকাল ১০টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের নেতারা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর অঙ্গসংগঠনের নেতারা তাঁর কবরে ফুল দেবেন। খালেদা জিয়া রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন।বিএনপির পক্ষ থেকে এক বাণীতে বলা হয়েছে, রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশকে তলাবিহীন ঝুড়ির আন্তর্জাতিক অভিধা থেকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশে উন্নীত করেছিলেন। এ দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাঁর সে লক্ষ্য অর্জনে আজও কাজ করে যাচ্ছে।পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার কিছুদিন পর জিয়াউর রহমান সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন। ১৯৭৭ সালের ২১ এপ্রিল তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন।১৮ দলীয় জোটের শরিক কয়েকটি দল ও সমমনা সংগঠনও দিনটি উপলক্ষে কর্মসূচি পালন করবে। বিএনপি-সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দলীয় কার্যালয়ের সামনে চিকিৎসাসেবা ও ওষুধ দেবে।