আজ সাভারে অনুষ্ঠিত হচ্ছে সামাজিক ব্যবসা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় বার্ষিক সামাজিক ব্যবসা দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘সামাজিক ব্যবসার মাধ্যমে সমাজের বিকাশ’।ইউনূস সেন্টার আয়োজিত সামাজিক ব্যবসার এবারের বার্ষিক সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ৮০০ প্রতিনিধি অংশ নেবেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, জাপানসহ ১৯টি দেশ থেকে যোগ দেবেন প্রায় ১০০ প্রতিনিধি। অন্যবারের মতো এবারও বাংলাদেশের পাশাপাশি জার্মানি, ফ্রান্স, জাপানসহ পৃথিবীর বেশ কয়েকটি দেশে পালিত হবে সামাজিক ব্যবসা দিবস। দিনব্যাপী এ অনুষ্ঠানে উদ্বোধনী ও সমাপনী অধিবেশন ছাড়াও মোট আটটি কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হবে। চিত্র প্রদর্শনী ছাড়াও রয়েছে হাইতির একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই। তৃতীয় সামাজিক ব্যবসা দিবসের সূচনা হবে গণস্বাস্থ্য কেন্দ্রের শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের বক্তৃতার মধ্য দিয়ে শুরু হবে উদ্বোধনী অধিবেশন। এই অধিবেশনে অন্যদের মধ্যে বক্তব্য দেবেন নাসার নভোচারী রন গারান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান। এরপর শুরু হবে দিনের আটটি কর্ম-অধিবেশন। এসব অধিবেশনে প্রযুক্তি, পরিবেশ ও নবায়নযোগ্য জ্বালানি, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য ও পুষ্টির পাশাপাশি সামাজিক ব্যবসার আইনি প্রক্রিয়া ও অর্থায়ন এবং তরুণসমাজ ও শারীরিক প্রতিবন্ধীদের সামাজিক ব্যবসায় যুক্ত করার বিষয় নিয়ে আলোচনা হবে। কর্ম-অধিবেশন ও মধ্যাহ্নভোজের বিরতির পর নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস অতিথিদের পরিচয় করিয়ে দেবেন রন গারানের সঙ্গে। নাসার এ নভোচারী গত বছর ভিয়েনা সামাজিক ব্যবসা সম্মেলনে যোগ দেন। এবার ঢাকার সম্মেলনে বক্তৃতার পাশাপাশি একটি উপস্থাপনা তুলে ধরার কথা রয়েছে রন গারানের। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে তৃতীয় সামাজিক ব্যবসা দিবসের দিনব্যাপী আয়োজন। এ অধিবেশনে মুহাম্মদ ইউনূস ও রন গারান ছাড়াও বক্তব্য দেবেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, জার্মানির গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাবের পরিচালক হান্স রিটজ্। প্রসঙ্গত, ২০১০ সালের ২৮ জুন পালিত হয় সামাজিক ব্যবসা দিবস। এরপর প্রতিবছর দিবসটি পালিত হয়।