আজ সারা দিন 'কিআনন্দ'

রাজধানীতে আজ শুক্রবার বসছে কিশোরদের আনন্দমেলা। কিশোর আলোর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ের সেন্ট যোসেফ স্কুলমাঠে আয়োজিত এ অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে আটটায়। ‘কিআনন্দ’ শীর্ষক এই আনন্দমেলার উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার রবি পিউরিফিকেশন এবং ক্রিকেটার তাসকিন আহমেদ ও মেহরাব হোসেন৷
দিনব্যাপী এ আয়োজনে থাকবে কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সুরের ধারা, জলের গান, ইবরার টিপু ও মিনারের গান। থাকবে কিশোর আলোর নিয়মিত লেখক আহসান হাবীব, ফরিদুর রেজা সাগর, আমীরুল ইসলাম প্রমুখ লেখকের সঙ্গে খুদে পাঠকদের আড্ডা৷ দিনভর চমক হিসেবে উপস্থিত থাকবেন অনেক প্রিয় তারকা।
সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে অংশ নিতে পারবে তৃতীয় থেকে পঞ্চম (ক বিভাগ) এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি (খ বিভাগ) পর্যন্ত পড়ুয়ারা। ক বিভাগের বিষয় ‘আমার স্বপ্ন’ এবং খ বিভাগের বিষয় ‘আমার শহর’। প্রতিযোগিতার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে চলে আসতে হবে উৎসব প্রাঙ্গণে। সঙ্গে আনতে হবে ছবি আঁকার সরঞ্জাম। প্রয়োজনীয় কাগজ কিআর পক্ষ থেকে দেওয়া হবে।
কিআনন্দ কসপ্লেতে (কসটিউম প্লে) শিশু-কিশোরেরা সেজে আসতে পারে টিনটিন, সুপারম্যান, ব্যাটম্যানসহ যেকোনো প্রিয় কমিকস চরিত্র কিংবা রবীন্দ্রনাথ, কাজী নজরুল, বেগম রোকেয়া, আইনস্টাইনের মতো বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিত্বের সাজে। কসপ্লে শুরু হবে বেলা তিনটায়৷
প্রিয় পোষা পাখি, বিড়াল, কুকুর, খরগোশ, মোরগ কিংবা অন্য কোনো প্রাণী থাকলে নিয়ে আসা যাবে কিআনন্দ মেলায়। তাদের নিয়ে বেলা তিনটা থেকে হবে জমজমাট পোষা প্রাণীর প্রদর্শনী। দিনব্যাপী এ উৎসবে আরও থাকবে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, কমিকস, গেমিং কর্নার, ক্যারিকেচার, কার্টুন প্রদর্শনী, বিজ্ঞানের মজার খেলা, ফ্ল্যাশ মব, বাস্কেট-এ-বলসহ বিভিন্ন খেলা, জাদু, সাইকেল স্টান্ট, বুদ্ধির খেলা, নাচ-গান, সার্কাস, অরিগ্যামিসহ আরও অনেক কিছু। মেলায় প্রথমার স্টলে পাওয়া যাবে বিভিন্ন প্রকাশনীর শিশু ও কিশোরপাঠ্য বই। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।