আজ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে
ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু–এক জায়গায় বিজলি চমকানো, অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিকলীতে সর্বোচ্চ ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ময়মনসিংহে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে জানানো হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে ও কাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ২৯ মিনিটে।