আজ সারা দেশে বিএনপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি আজ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে। বিচার বিভাগকে ব্যবহার করে দলীয় স্বার্থ উদ্ধারে হীন চেষ্টার প্রতিবাদে এবং জিয়াউর রহমানকে হেয়প্রতিপন্ন করায় দলটি এ কর্মসূচি ঘোষণা করেছে।গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, কর্নেল তাহের হত্যার বিচারের নামে আদালত যে রায় দিয়েছেন, তাতে জাতি হতাশ। এ রায় স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে হেয়প্রতিপন্ন করার গভীর ষড়যন্ত্র। তিনি বলেন, ‘আমরা মনে করি, বিষয়টি অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’উল্লেখ্য, হাইকোর্ট গত মঙ্গলবার কর্নেল তাহেরের গোপন বিচারকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন।