আজ সার্ক পররাষ্ট্রসচিবদের বৈঠক শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ায় শান্তি ও সমৃদ্ধির জন্য নিবিড়তর সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল শনিবার নেপালের রাজধানীতে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার শুরু হচ্ছে সার্ক পররাষ্ট্রসচিবদের দুই দিনের বৈঠক। 
গতকাল কাঠমান্ডুর হোটেল সলটিতে যুগ্ম সচিবদের ফোরাম প্রোগামিং কমিটির বৈঠকের মধ্য দিয়ে শুরু হয় সার্ক শীর্ষ সম্মেলনের ছয় দিনের কার্যক্রম। বৈঠকে সার্কের তিনটি প্রতিষ্ঠান বিলুপ্ত আর চারটি প্রতিষ্ঠানকে এক করার সিদ্ধান্ত হয়েছে। বিলোপের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো সার্ক তথ্যকেন্দ্র, সার্ক মানব উন্নয়ন কেন্দ্র ও সার্ক নথি সংগ্রহকরণ কেন্দ্র। এ ছাড়া একীভূত করার সিদ্ধান্ত হয়েছে সার্ক বনায়ন কেন্দ্র, সার্ক দুর্যোগ মোকাবিলা কেন্দ্র, সার্ক উপকূল ব্যবস্থাপনা কেন্দ্র ও সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্রকে।
কাঠমান্ডু থেকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ছাড়া ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপ একীভূত প্রতিষ্ঠানের কার্যালয় নিজেদের দেশে করার আগ্রহ দেখিয়েছে।
দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৮তম শীর্ষ সম্মেলন ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে কাঠমান্ডুর সিটি হলে। আট জাতি-জোটের শীর্ষ সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘ডিপার ইন্টিগ্রেশন ফর পিস অ্যান্ড প্রসপারিটি’ (শান্তি ও সমৃদ্ধির জন্য নিবিড় সংহতি)। এবারের শীর্ষ সম্মেলনে মোটরযান ও রেল চলাচল এবং বিদ্যুৎ খাতে সহযোগিতা নিয়ে তিনটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
এদিকে শীর্ষ সম্মেলনের আগে আজ থেকে সচিব পর্যায়ের স্ট্যান্ডিং কমিটির দুই দিনের বৈঠক হোটেল সলটিতে শুরু হবে। এ ছাড়া আগামী মঙ্গলবার একই জায়গায় বসবে পররাষ্ট্রমন্ত্রীদের ফোরাম কাউন্সিল অব মিনিস্টারস মিটিং। সচিবদের বৈঠকে শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচি তৈরি করে তা মন্ত্রী পর্যায়ের বৈঠকে চূড়ান্ত করার জন্য উপস্থাপন করা হবে।
গতকালের বৈঠকে প্রোগামিং কমিটির চেয়ারপারসন মালদ্বীপের কূটনীতিক আইশাথ লুইসা জহির আলোচনার উদ্বোধন করেন। এরপর তিনি নেপালের প্রতিনিধিদলের প্রধান যোগা বাহাদুর হামালের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।