বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ সোমবার সিরাজগঞ্জে এক ছাত্র-গণজমায়েতে প্রধান অতিথির ভাষণ দেবেন।নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত নাজিউর উদ্দিন জেহাদের ২০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে সয়দাবাদ মুলিবাড়ী রেলগেট মাঠে এ ছাত্র-গণজমায়েতের আয়োজন করছে ছাত্রদল।খালেদা জিয়ার আগমন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও ছাত্রদল এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে। গতকাল রোববার সকালে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নাজিউর উদ্দিন জেহাদ শহীদ হয়েছেন। তাঁর আত্মত্যাগ এ দেশের গণতন্ত্রকামী মানুষ চিরদিন স্মরণ করবে।সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ, জেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মান্নান তালুকদার, সিরাজগঞ্জ সদর আসনের বিএনপিদলীয় এমপি রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।পরে ছাত্রদলের নেতারা উল্লাপাড়ার নবগ্রামে শহীদ জেহাদের কবর জিয়ারত করেন। তাঁরা জেহাদের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করে তাঁদের খোঁজখবর নেন।