আজ সিলেট অঞ্চলের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসব
সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসব

সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের দেশব্যাপী প্রতিযোগিতার অংশ হিসেবে আজ সোমবার সিলেট অঞ্চলের উৎসব অনুষ্ঠিত হবে। নগরের কুমারপাড়ার মালঞ্চ কমিউনিটি সেন্টারে সকাল আটটার মধ্যে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরে নিবন্ধনকৃত শিক্ষার্থীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
আয়োজকেরা জানান, সকাল সাড়ে আটটায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। এরপর সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম বেলুন উড়িয়ে জয়োৎসবের উদ্বোধন করবেন। প্রতিযোগিতায় সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রায় সাড়ে চার শ শিক্ষার্থী অংশ নেবে।
প্রতিযোগিতায় নানা পর্বে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য সুশান্ত কুমার দাস, বিজ্ঞান জয়োৎসবের কেন্দ্রীয় সমন্বয়কারী ও প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের অধ্যাপক নাজিয়া চৌধুরী, রসায়ন বিভাগের অধ্যাপক দীপেন দেবনাথ প্রমুখ উপস্থিত থাকবেন।
উৎসবে শিক্ষার্থীরা বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান প্রকল্পে অংশ নেবে। আঞ্চলিক পর্যায়ে বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। জাতীয় পর্যায়ের বিজয়ীদের নিয়ে ক্যাম্প এবং আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় অংশগ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।