আজ সিলেটে যাচ্ছেন জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আজ শুক্রবার সিলেটে আসছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেটে আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে জয়ের সফরসূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ সংবাদ সম্মেলনে বক্তৃতায় বলেন, ‘সজীব ওয়াজেদ জয় যুবসমাজের ভবিষ্যৎ। আমরা দেশকে নতুন প্রজন্মের হাতে তুলে দিতে চাই। এর অংশ হিসেবেই জয় সিলেট সফরে আসছেন।’
সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, শুক্রবার বেলা আড়াইটায় সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবেন জয়। তিনি শাহজালাল (র.) ও শাহপরানের (র.) মাজার জিয়ারত করবেন। এরপর বিকেল চারটায় হোটেল রোজভিউয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। সন্ধ্যা সাড়ে সাতটায় তিনি নগরের কবি নজরুল মিলনায়তনে জেলা ও নগর আওয়ামী লীগের কর্মিসভায় বক্তব্য দেবেন।