আজ সুন্দরবনকে ভোট দেবেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে সুন্দরবনকে নির্বাচন করতে আজ মঙ্গলবার ভোট দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ সেভেন ওয়ান্ডার্স চূড়ান্ত প্রতিযোগিতায় টিকে থাকা সুন্দরবনের পক্ষে প্রচারের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এই ভোট দেবেন। পরিবেশ ও বন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, সুন্দরবনকে বিশ্বসেরা-৭-এ অন্তর্ভুক্ত করার জন্য জনগণকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী তাঁর দপ্তরে আজ বেলা ১১টায় ভোট দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার কার্যক্রমের উদ্বোধন করবেন। সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় রাখতে সরকারিভাবেও নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার এরই মধ্যে সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে চিঠি পাঠিয়েছেন।পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় টিকিয়ে রাখতে আরও ১০-১৫ কোটি ভোট প্রয়োজন। বাংলাদেশ ও ভারত যৌথভাবে এই ভোট সংগ্রহ করার জন্য মাঠে নামবে। ভারতের পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগগুলো এ ব্যাপারে একমত হয়েছে।সূত্র জানায়, পরিবেশ ও বন মন্ত্রণালয়ে সুন্দরবনকে ভোট দিতে একটি প্রচার সেল গঠন করা হয়েছে। ঢাকায় বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় তারকাদের নিয়ে বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ভ্রাম্যমাণ ভোটকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।১৯৯৯ সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেসকো। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বাংলাদেশের অসংখ্য মানুষ ভোট দিয়ে ২৮টি দর্শনীয় স্থানের মধ্যে সুন্দরবনকে বাছাই করে। ২০১১ সালে এই ২৮টি বিশ্ব ঐতিহ্যের মধ্য থেকে সাতটি প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন করা হবে। www.vote7.com/n7w/nature ওয়েবসাইটে লগইন করে অথবা নিউ সেভেন ওয়ান্ডার্সের +৪৪২০৩৩৪৭০৯০১ নম্বরে ফোন করে সুন্দরবনকে ভোট দেওয়া যাবে।