আজ সুফিয়া কামালের জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি সুফিয়া কামাল
কবি সুফিয়া কামাল

দেশে নারী আন্দোলনের অন্যতম অগ্রদূত কবি সুফিয়া কামালের আজ ১০৫তম জন্মদিন। সুফিয়া কামালের জন্ম ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে। রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠেন। ছোটবেলা থেকেই তিনি লেখালেখি শুরু করেন। ১৯১৮ সালে তিনি মায়ের সঙ্গে কলকাতায় যান, সেখানে বেগম রোকেয়ার সঙ্গে তাঁর দেখা হয়৷ সাহিত্যচর্চার পাশাপাশি দীর্ঘ কর্মজীবনে তিনি মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন, নারী মুক্তির আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় সাহসী ভূমিকা রেখেছেন। বাংলাদেশ মহিলা পরিষদ, ছায়ানট, কচি-কাঁচার মেলাসহ বিভিন্ন সংগঠনের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন। তাঁর লেখা বইয়ের মধ্যে সাঁঝের মায়া, কেয়ার কাঁটা, মায়া কাজল, একাত্তরের ডায়েরি, উদাত্ত পৃথিবী, একালে আমাদের কাল উল্লেখযোগ্য।
সুফিয়া কামালের জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, ভাষা আন্দোলন, গণ-অভ্যুত্থান, একাত্তরের অসহযোগ ও মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলনসহ শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলনকে প্রত্যক্ষ উপস্থিতির কারণে জনগণ তাঁকে ‘জননী সাহসিকা’ উপাধিতে ভূষিত করে।
কবি সুফিয়া কামালের জন্মদিন উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করবে। বাংলাদেশ মহিলা পরিষদ আজ সকাল ১০টায় বাংলা একাডেমিতে কবি সুফিয়া কামাল স্মারক বক্তৃতার আয়োজন করেছে। এতে ‘সুফিয়া কামালের সাহিত্য: মানবতাবাদ ও নারীর অধিকার’ শীর্ষক স্মারক বক্তৃতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান বেগম আকতার কামাল। বেলা ১১টায় ছায়ানট সংস্কৃতি ভবনে তাঁর জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।