আজ সুফিয়া কামালের ১১তম মৃত্যুবার্ষিকী
আজ শনিবার দেশের নারী আন্দোলনের অন্যতম পথিকৃত কবি বেগম সুফিয়া কামালের ১১তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৯৯ সালের ২০ নভেম্বর ৮৮ বছর বয়সে ইন্তেকাল করেন।বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুফিয়া কামালের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গতকাল এক বাণীতে বলেন, তাঁর পথ নির্দেশনা সবাইকে সমাজে প্রগতিশীলতা, অসামপ্রদায়িকতা, গণতন্ত্র ও নারীমুক্তিতে প্রেরণা জুগিয়েছে।দিবসটি পালনে সুফিয়া কামাল স্মৃতি সংসদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। কবি সুফিয়া কামাল সাহিত্যচর্চার পাশাপাশি দীর্ঘ কর্মজীবনে তিনি মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী গণআন্দোলন, নারীমুক্তির আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সাহসিকতার সঙ্গে অংশ নিয়েছেন। তিনি বাংলাদেশ মহিলা পরিষদ, ছায়ানট, কচিকাঁচার মেলাসহ বিভিন্ন সংগঠনের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন। তাঁর রচিত গ্রন্থের মধ্যে সাঁঝের মায়া, কেয়ার কাঁটা, মায়া কাজল, একাত্তরের ডায়েরী, একালে আমাদের কাল উল্লেখযোগ্য।