আজ স্তন ক্যানসার সচেতনতা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্তন ক্যানসার নিয়ে কর্মরত চিকিৎসকেরা বলছেন, দেশে আগের তুলনায় সচেতনতার মাত্রা বেড়েছে। বিশেষ করে সাধারণ মানুষ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। সাধ্য ও সুযোগ-সুবিধা অনুযায়ী চিকিৎসা নেওয়ারও চেষ্টা করছে।
এ ধরনের পরিস্থিতিতেই আজ সোমবার ১০ অক্টোবর দেশে চতুর্থবারের মতো পালিত হচ্ছে স্তন ক্যানসার সচেতনতা দিবস। ১৯টি স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
গত ৩০ সেপ্টেম্বর প্রকাশিত ক্যানসার গবেষণার দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসারের প্রতিবেদন বলছে, প্রতিবছর বাংলাদেশে স্তন ক্যানসারে আক্রান্ত হন ১৪ হাজার ৮২২ জন, মারা যান ৭ হাজার ১৩৫ জন। নারী ক্যানসার রোগীদের মধ্যে আক্রান্তের ও মৃত্যুর হার যথাক্রমে ২৩ দশমিক ৯ ও ১৬ দশমিক ৯ শতাংশ।
বাংলাদেশের জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ২০১৪ সালের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নারী ক্যানসার রোগীদের মধ্যে সবচেয়ে বেশি (২৭.৪%) স্তন ক্যানসারে আক্রান্ত। নারী-পুরুষনির্বিশেষে এই ক্যানসারের স্থান দ্বিতীয় (১২.৫%)। স্তন ক্যানসারের রোগীদের গড় বয়স প্রায় ৪৩ বছর।
স্তন ক্যানসারের লক্ষণ: স্তনে চাকা বা পিণ্ড, নিপল ভেতরে ঢুকে যাওয়া, অসমান বা বাঁকা হয়ে যাওয়া, নিপল দিয়ে অস্বাভাবিক রস বা রক্তক্ষরণ হওয়া, চামড়ার রং বা চেহারায় পরিবর্তন, বগলের নিচে পিণ্ড বা চাকা থাকলে চিকিৎসকের কাছে যেতে হবে।
চিকিৎসকেরা সাধারণত ৫০ বছরের বেশি বয়সী নারীদের এক, দুই বা তিন বছর পরপর নিয়মিতভাবে ম্যামোগ্রাম করার পরামর্শ দেন। এর মাধ্যমে স্তনে খুব ছোট চাকা বা অন্যান্য অস্বাভাবিক পরিবর্তন ধরা পড়ে। ২০ বছর বয়স থেকে সারা জীবন প্রতি মাসে একবার নিজের স্তন পরীক্ষা এবং স্তনে অস্বাভাবিক কোনো পরিবর্তন ধরা পড়লেই চিকিৎসক অথবা প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী দিয়ে স্তন পরীক্ষা করাতে বলেন।
বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ও জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার প্রথম আলোকে বলেন, স্তন ক্যানসার এক নীরব ঘাতক। তবে সঠিক সময়ে শনাক্ত হলে এর প্রতিকার সম্ভব।