আজ স্বপ্নাদের বিয়ে...

মায়ের কথা মনে হলেই ঝাপসা হয়ে ধরা দেয় একটি মুখ। চেহারাটা স্পষ্ট করতে পারেন না স্বপ্না। মা পুড়ে মারা যাওয়ার সময় বয়স ছিল মাত্র পাঁচ বছর। বাবাও দায়িত্ব এড়িয়ে চলে যাওয়ার পর স্থান হয় এখানে। খাতাকলমে বাড়ির ঠিকানার জায়গায় যশোরের একটি গ্রামের নাম লেখা। বাবার নাম শহিদুল ইসলাম। আর মা রিজিয়া বেগম। শুনে শুনে এতটুকুই তাঁর মুখস্থ। কখনো সেই ঠিকানায় যাওয়া হয়নি। তাঁকে দেখতেও কেউ কখনো আসেনি। তবে আজ এই বিশেষ দিনে বড় বেশি মায়ের কথা মনে পড়ছে। কারণ, আজ স্বপ্নার বিয়ে। বলা ভালো, আজ স্বপ্নাদের বিয়ে।
স্বপ্নাদের বিয়ের আয়োজনে সাজসাজ রব চারদিকে। ফুল দিয়ে সাজানো হয়েছে প্রবেশদ্বার। গোলাপি রঙের একই নকশার ফ্রক পরে প্রবেশদ্বারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ছোট ছোট মেয়ে। ফুল ছিটিয়ে তারা বরণ করে নিচ্ছে বর-কনে আর অতিথিদের। বড় পরিসরে স্থাপন করা শামিয়ানার নিচে বর-কনের জন্য ফুল দিয়ে সাজানো সুদৃশ্য মঞ্চ। সামনে অতিথি আপ্যায়নের ব্যবস্থা। বিয়ের আয়োজন হিসেবে কোনো কমতি নেই। তবে আর দশটা সাধারণ বিয়ের মতো এটা নয়। স্বপ্নার মতো মা-বাবা-স্বজন ছাড়া শত শত সদস্যের পরিবারে বড় হওয়া ছয়জন স্বপ্না বেগম, লিপি আক্তার, সাবিনা চৌধুরী, তানিয়া আক্তার, মাজেদা বেগম, হাজেরা লাকী এক মঞ্চে মালাবদল করে বেছে নিয়েছেন তাঁদের জীবনসঙ্গী।
তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে আজ সোমবার আয়োজন করা হয় স্বপ্না বেগম—মো. শাহজালাল, লিপি আক্তার—রবিউল তালুকদার, সাবিনা চৌধুরী—মো. সোহাগ, তানিয়া আক্তার—হারুন-অর-রশিদ, মাজেদা বেগম—কশির উদ্দিন, হাজেরা লাকী—সাইফুল ইসলাম যুগলের বিবাহোত্তর সংবর্ধনার।

মঞ্চে বসে কথা হচ্ছিল স্বপ্না বেগম ও তাঁর স্বামী মো. শাহজালালের সঙ্গে। তেজগাঁওয়ে বিজি প্রেস হাইস্কুল থেকে এসএসসি পাস স্বপ্না প্রথম আলোকে জানান, এখানেই তিনি শুনেছেন তাঁর মা একটি পোশাকশিল্প কারখানায় কাজ করতেন। ওই কারখানায় আগুন লেগে তাঁর মা পুড়ে যান। তবে তিনি নিজে ওই সময়ের কথা কিছু মনে করতে পারেন না। মা কোন কারখানায় কাজ করতেন, সেটাও তিনি জানেন না।
কারখানার নামটি জানে না শিশু পরিবার কর্তৃপক্ষও। শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক ঝর্না জাহিন প্রথম আলোকে বলেন, এখানের নিবন্ধন বইয়ে লেখা আছে রাজধানীর মিরপুরের একটি পোশাকশিল্প কারখানায় আগুন লেগে স্বপ্নার মা রিজিয়া বেগম মারা যান। কারখানার নাম লেখা নেই। ১৯৯৭ সালের ২৬ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের মাধ্যমে এখানে আসে সে। ভর্তির সময় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে স্বপ্নাকে ৪৯ হাজার ৮৮০ টাকা দেওয়া হয়। সেই টাকা এখন বেড়ে ১ লাখ ৭৬ হাজারে দাঁড়িয়েছে। আজ সেই টাকার চেক তুলে দেওয়া হয়েছে স্বপ্নার হাতে।
স্বপ্নার স্বামী মো. শাহজালাল প্রথম আলোকে বলেন, গাজীপুরে মাওনা চৌরাস্তায় তাঁর অটো পার্টসের দোকান আছে। বিজি প্রেসের কাছাকাছি ট্রাকস্ট্যান্ডে আসা-যাওয়ার সুবাদে শিশু পরিবারটি সম্পর্কে তাঁর জানা ছিল। মা-বাবাকে জানান, তিনি এখানের মেয়ে বিয়ে করতে চান। তাঁদের সম্মতি পাওয়ার পর শিশু পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং স্বপ্নাকে পছন্দ করেন।
অপরিচিত একজনকে বিয়ে এবং নতুন সংসারে প্রবেশে দুশ্চিন্তা হচ্ছে কি না জানতে চাইলে স্বপ্না বলেন, ‘নতুন সংসার নিয়ে কিছুটা চিন্তা তো হচ্ছেই। তবে শিশু পরিবার তাঁর (বর) সম্পর্কে খোঁজখবর করে জেনেছে ওরা ভালো মানুষ।’

স্বপ্নার মতো পারিবারিক আয়োজনে বিয়ে হয়েছে লিপি আক্তার ও রবিউল তালুকদারের। পেশায় মেকানিক রবিউল প্রথম আলোকে জানান, তাঁদের দুজনের বাড়ি ফরিদপুরে। লিপির বাবা-মা না থাকলেও স্বজনেরা রয়েছেন। তাঁদের কাছে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। স্বজনদের মাধ্যমে শিশু পরিবারে যোগাযোগ করে লিপির সঙ্গে বিয়ে ঠিক হয়।
উচ্চমাধ্যমিকে অধ্যয়নরত লিপি বলেন, ‘ইচ্ছে আছে বিয়ের পর লেখাপড়া চালিয়ে যাওয়ার। দরজি, এমব্রয়ডারি, ব্লক বাটিক ও বেকারির কাজ জানি। এখনো নিয়মিত কাজ পাইনি। তবে এগুলো নিয়েই কিছু করতে চাই।’

তবে হারুন-অর-রশিদ ও তানিয়া আক্তারের ক্ষেত্রে প্রেম থেকেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছে। কথা বলার সময় দুজনের মুখেই ছিল লাজুক হাসি। লাজুক মুখে হারুন প্রথম আলোকে বলেন, তানিয়া বিজি প্রেস হাই স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ার সময় তাঁর প্রেমে পড়েন তিনি। পেশায় প্রবেশের পর শিশু পরিবারে গিয়ে দুজনের বিষয়টি জানান। হারুন জানান, তিনি একটি স্টুডিওতে টেকনিশিয়ান হিসেবে কাজ করছেন।
খেলাধুলায় চৌকস তানিয়া জানান, তিনি এসএসসি পাস। ছয়-সাত বছর বয়সে শিশু পরিবারে আসেন। খেলাধুলার মধ্যে ক্রিকেট ও অ্যাথলেটিকসে তাঁর আগ্রহ বেশি। শিশু পরিবারের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অ্যাথলেট হিসেবে তিনি প্রতিবার চ্যাম্পিয়ন হয়েছেন।

উপতত্ত্বাবধায়ক ঝর্না জাহিন জানান, শিশু পরিবারে এখন ১৫৮ জন ৬ থেকে ১৮ বছরের কম বয়সী মেয়ে রয়েছে। ১৮ বছর না হওয়া পর্যন্ত এখানের কোনো মেয়েকে বিয়ে দেওয়া হয় না। তিনি ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার পর ২০১২ সালে দুজন এবং ২০১৪ সালে ছয়জনকে বিয়ে দিয়েছেন। তাঁরা প্রত্যেকে সুখে সংসার করছেন। এবার ছয়জনকে বিয়ে দিতে পেরেও খুব আনন্দ পাচ্ছেন বলে জানান।

এই ছয়জনের বিয়ের কেনাকাটার জন্য গঠিত কমিটির একজন আজিমপুরের ছোট মণি নিবাসের উপতত্ত্বাবধায়ক জুবলি বেগম প্রথম আলোকে বলেন, ‘অনেকেই অর্থসহায়তা দিয়েছেন বিয়ের কেনাকাটার জন্য। মিরপুর বেনারসি পল্লি থেকে শাড়ি কিনতে গিয়ে প্রচণ্ড দর-কষাকষি হচ্ছিল। পরে মাতৃপিতৃহীন মেয়েদের বিয়ে শুনে অর্ধেক দামে তাঁরা শাড়ি দিয়েছেন। দোকান মালিককে বিয়ের দাওয়াত করে আসি আমরা। সোনার গয়না কেনার সামর্থ্য না থাকায় রুপার গোল্ড প্লেটেড গয়না কেনা হয়েছে। নবদম্পতিকে একটি করে টেলিভিশন সেট ও সেলাই মেশিনসহ অন্যান্য উপহার দেওয়া হয়েছে। পারসোনা বিনা পয়সায় কনেদের সাজিয়ে দিয়েছে।’
বিয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি নতুন দম্পতিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, পিতৃমাতৃহীন অবস্থায় যাঁরা নানাভাবে বঞ্চিত হয়ে আছেন, তাঁদের সমাজে অন্তর্ভুক্ত করে এগিয়ে নিতে সহায়তা করা প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বিয়ের আয়োজন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ঢাকা জেলার ডিসি মো. সালাহউদ্দীন, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির, সমাজসেবা অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল হোসেন খান প্রমুখ।