আজ স্বৈরাচার পতন দিবস
আজ ৬ ডিসেম্বর, স্বৈরাচার পতন দিবস। গণ-আন্দোলনের মুখে ১৯৯০ সালের এই দিনে পদত্যাগ করেন তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ। এই দিনে তিনি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। মুক্তি পায় গণতন্ত্র।
১৯৮২ সালের ২৪ মার্চ তৎকালীন সেনাপ্রধান এরশাদ সামরিক আইন জারির মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন। আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুই জোটসহ বামপন্থী রাজনৈতিক দলগুলোর টানা আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে গতকাল শনিবার এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নূর হোসেন, বাবুল, ফাত্তাহ, ডা. মিলন ও অন্যদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তিনি গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে দেশের উন্নয়ন ও মঙ্গলের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।