আজ হরতাল প্রত্যাহার না হলে সংলাপ নয়: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বিরোধী জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতাল আজকের মধ্যে প্রত্যাহারের ঘোষণা এলেই কেবল বিএনপির মহাসচিবের সঙ্গে সংলাপ হতে পারে। না হলে কোনো সংলাপ হবে না।’

আজ রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের মহাসমাবেশে স্থানীয় সরকারমন্ত্রী এ কথা বলেন।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘জাতির স্বার্থে, দেশের স্বার্থে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রীকে সংলাপের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু বিরোধীদলীয় নেত্রীর তো বিন্দুমাত্র ভদ্রতা নেই। তার পরও আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে সংকট নিরসন সম্ভব। কাল থেকে আপনাদের আহূত হরতাল প্রত্যাহারের ঘোষণা এলে কেবলমাত্র আওয়ামী লীগ-বিএনপি সংলাপ হতে পারে।’

রেডিও-টিভিতে সবটুকু শোনেননি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ বলেন, ‘দেশবাসী রেডিও-টেলিভিশনে দুই নেত্রীর সবটুকু শোনেননি। বিরোধীদলীয় নেত্রী আরও অশ্লীল কথা বলেছেন। তার পরও  প্রধানমন্ত্রী ধৈর্য ধরে সবকিছু সহ্য করেছেন। কারণ তিনি জাতির পিতার কন্যা। আর বিএনপির জন্ম হলো ক্যান্টনমেন্টে। অস্ত্র হাতে-গ্রেনেড নিয়ে তাদের কায়কারবার।’  

এর আগে গতকাল শনিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে এক বৈঠক শেষে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আকরাম উদ্দিন সাংবাদিকদের বলেছিলেন, রাজনৈতিক সংকট নিরসনে এখনই শীর্ষ পর্যায়ের পরিবর্তে মহাসচিব পর্যায়ে বৈঠক শুরু করা দরকার। এই বক্তব্যের পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরতাল আজকের মধ্যে প্রত্যাহার না করলে সংলাপে বসার ব্যাপারে তাঁদের অপারগতার কথা জানালেন।