সমকালীন বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ হুমায়ূন আহমেদের ৬৪তম জন্মদিন আজ। জনপ্রিয়তার নিরিখে বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ছিলেন অন্যতম প্রধান ব্যক্তিত্ব। গত প্রায় চার মাস আগে তাঁর আকস্মিক প্রয়াণ এখনো শোকাচ্ছন্ন করে রেখেছে অগণিত অনুরাগীকে।১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস নন্দিত নরকে দিয়েই হুমায়ূন আহমেদ কথাসাহিত্যে পালাবদলের তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছিলেন। এরপর একের পর এক উপন্যাসে পাঠকের কাছে নন্দিত হয়ে উঠেছেন অভূতপূর্ব জনপ্রিয়তা নিয়ে। আমৃত্যু সেই জনপ্রিয়তার স্রোতে ভাটার টান পড়েনি। প্রতি একুশের গ্রন্থমেলায় পাঠক অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছে তাঁর নতুন উপন্যাসের জন্য। মধ্যবিত্ত জনজীবনের হাসি-আনন্দ, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের বেদনা, মান-অভিমান, ক্ষয়িষ্ণু মূল্যবোধ, অবিমৃশ্যকারিতার পাশাপাশি নৈতিকতা আঁকড়ে ধরে বাঁচার মরিয়া চেষ্টাকেও অত্যন্ত স্বতঃস্ফূর্ত, প্রাঞ্জল ভাষায়, গভীর মমতায় ফুটিয়ে তুলেছেন তিনি। এর সঙ্গে মিশিয়ে দিয়েছেন উচ্চমানের রসবোধ। রচনাশৈলী ও বিষয়বস্তুগত দিক থেকেও একান্তই আপন এক ধারা সংযুক্ত করে বাংলা কথাসাহিত্যকে বেগবান করেছেন। একই সঙ্গে এ দেশের প্রকাশনা শিল্পকেও প্রায় একার চেষ্টায় এগিয়ে নিয়েছেন বহুদূর।হুমায়ূন আহমেদের জন্ম নেত্রকোনার কুতুবপুরে ১৯৪৮ সালের ১৩ নভেম্বর। পিতা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা। তিনি মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদ হন। মায়ের নাম আয়েশা ফয়েজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মেধাবী ছাত্র হুমায়ূন আহমেদ পাঠ শেষে ওই বিভাগেই প্রভাষক হিসেবে যোগ দেন। একপর্যায়ে তিনি অধ্যাপনা ছেড়ে লেখালেখি, নাটক ও চলচ্চিত্র নির্মাণে নিমগ্ন হন।হুমায়ূন আহমেদ একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কারসহ দেশে-বিদেশে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। গত ১৯ জুলাই তিনি কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে নিউইয়র্কে ইন্তেকাল করেন।কর্মসূচি: হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার তাঁর বইয়ের প্রকাশকেরা ১২ দিনব্যাপী একক বইমেলার আয়োজন করেছে। কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে বিকেল সাড়ে তিনটায় মেলার উদ্বোধন করবেন হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ। তিনি মেলা উপলক্ষে প্রকাশিত হুমায়ূন আহমেদ রচনাবলি-৬ ও হিমু সমগ্র-২-এর মোড়ক উন্মোচন করবেন। পরে শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে থাকবে আলোচনা, স্মৃতিচারণা ও আবৃত্তি। শেষ হবে সুবচনের নাটক মহাজনের নাও মঞ্চায়নের মধ্য দিয়ে।এ ছাড়া চ্যানেল আই হুমায়ূন আহমেদের জন্মদিনটিকে হিমু দিবস হিসেবে পালন করবে। এ উপলক্ষে তেজগাঁওয়ের কার্যালয়ে দিনব্যাপী হুমায়ূন মেলার আয়োজন করেছে। এতে থাকবে আবৃত্তি, নৃত্য, চিত্রাঙ্কন, নাটক ও স্মৃতিচারণা।