আজ হোক কাল হোক তিস্তা চুক্তিও হবে: গওহর

তিস্তার পানি চুক্তির বিষয়েও বাংলাদেশের কাজ শেষ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। তিনি বলেন, আজ হোক কাল হোক এই চুক্তিও হবে।
গওহর রিজভী আরও বলেন, সরকার পুরোনো সব সমস্যার সমাধানের দিকে নজর দিয়েছে। সমুদ্রসীমা নির্ধারণ ও স্থল সীমান্ত চুক্তিসহ সব অমীমাংসিত বিষয় বলা যায় এই সময়ে সমাধান হয়েছে।
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত রাষ্ট্রবিজ্ঞান সমিতি ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক: আঞ্চলিক উন্নতি ও সৌহার্দ্য’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। ওই সেমিনারে স্থল সীমান্ত চুক্তির পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর বাংলাদেশ-ভারত সম্পর্ককে নতুন দিগন্তে নিয়ে যাবে বলে আশা করেছেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ বিশিষ্ট ব্যক্তিরা।
সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে রিজভী বলেন, অতীতের যেকোনো সরকারের চেয়ে এখন সীমান্তে হত্যা অনেক কমে এসেছে। তবে বাংলাদেশ একে শূন্যে নামাতে চায়। মোদির সফর দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, মোদির এই সফরে ভারতের বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে যাতে আরও চার থেকে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ভারতের বিনিয়োগ ও আন্তর্জাতিক বিনিয়োগ কীভাবে আরও বাড়ানো যায় সেই বিষয় নিয়ে এবার আলোচনা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, শেখ হাসিনার কূটনৈতিক তৎপরতায় সমুদ্রসীমার জয় হয়েছে। ১৯৯৬ সালে শেখ হাসিনা সরকার যখন গঙ্গার পানি চুক্তি ও পরে শান্তিচুক্তি করেছিলেন অনেকেই ভারত বিরোধিতায় মেতে উঠেছিলেন। কিন্তু আজকে সবাই মোদির সফরের প্রশংসা করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, স্থলসীমান্ত চুক্তি দুই দেশের সম্পর্ককে অনেক এগিয়ে নিয়ে যাবে।
বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আতিউর রহমান বলেন, মানুষে মানুষে যোগাযোগ বাড়াতে হবে। আত্মবিশ্বাসের সম্পর্ক বাড়াতে হবে। দুই দেশের দিক থেকেই সেটি করতে হবে। এ জন্য ই-ভিসা করাসহ আঞ্চলিক যোগাযোগ বাড়াতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক রাষ্ট্রদূত হারুন উর রশীদ। সেমিনারের সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি গিয়াসউদ্দিন মোল্যা।