আজ হুমায়ূন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী

বাংলা সাহিত্যের জননন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী। গাজীপুরের হোতাপাড়ায় নুহাশপল্লীতে চিরনিদ্রায় শায়িত এই লেখকের কবরে ফুল দিয়ে আজ শ্রদ্ধা জানাবেন তাঁর অনুরাগী, পরিবারের সদস্যরা।
এবার ঢাকায় পারিবারিকভাবে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। হুমায়ূন আহমেদের ছোট ভাই রম্যলেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব জানান, গত রোববার তাঁদের ভগ্নিপতি মেজর (অব.) শহিদুল্লাহ আকস্মিক হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করায় বাড়িতে শোকাবহ পরিবেশ। সে কারণে মিরপুরের বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে না। তবে পরিবারের সবাই সকালে নুহাশপল্লীতে যাবেন। সেখানে মিলাদ ও দোয়ায় অংশ নেবেন।
নুহাশপল্লী: আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, নুহাশপল্লীতে আজ সকাল থেকে কোরআন তিলাওয়াত এবং জোহরের নামাজের পর বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, দুপুরে ৩০০ এতিমের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। আজ হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, সন্তান নিষাদ ও নিনিতসহ পরিবারের লোকজন ও ভক্ত-বন্ধুরা কবর জিয়ারতে অংশ নেবেন।
কেন্দুয়া: আমাদের কেন্দুয়া প্রতিনিধি জানান, হুমায়ূন আহমেদের গ্রামের বাড়ি কেন্দুয়ার কুতুবপুর গ্রামে নিরাপত্তার কারণে দুই দিনের বদলে এক দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুলিশ অনুষ্ঠানে নিরাপত্তার ব্যবস্থা করবে।
হিমু পরিবহন: হুমায়ূন আহমেদের ভক্তদের সংগঠন হিমু পরিবহনের পক্ষ থেকে সকালে নুহাশপল্লীতে লেখকের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। যাত্রাপথে ক্যানসার নিয়ে জনসচেতনতাবিষয়ক লিফলেট বিতরণ করা হবে।
হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১১ সালে তাঁর অন্ত্রে ক্যানসার ধরা পড়লে পরের বছরের মাঝামাঝি সময় যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তিনি আর ফেরেননি।