আজ ১০ মিনিটের জন্য স্তব্ধ হবে রংপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে আজ বৃহস্পতিবার ১০ মিনিটের জন্য ‘রংপুর শহর স্তব্ধ কর্মসূচি’ পালিত হবে। বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালন করা হবে। গ্যাস আন্দোলন কমিটির আয়োজনে সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ১১ আগস্ট এই কর্মসূচির ডাক দেন।
মেয়র বলেন, ‘দিনের পর দিন এখানকার মানুষ বঞ্চিত হচ্ছেন। রংপুরের কাছাকাছি বগুড়ায় গ্যাস এসেছে। কিন্তু আমাদের এখানে আসবে না কেন? তাই এই আন্দোলন। এ অন্দোলন অব্যাহত থাকবে।’
কর্মসূচি সফল করতে গতকাল বুধবার বিভিন্ন পেশাজীবী সংগঠন পৃথক পৃথক সভা করেছে। পাশাপাশি মাইকযোগে শহরজুড়ে প্রচারণাও চালানো হচ্ছে।
গতকাল সিটি করপোরেশনে কাউন্সিলরদের এক সভা হয়। সভায় সিদ্ধান্ত হয় আজ প্রতিটি ওয়ার্ড থেকে ব্যানার নিয়ে একাধিক মিছিল শহরের প্রধান সড়কে অবস্থান নেবে কর্মসূছি পালন করতে।
এদিকে প্রেসক্লাবে রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদ এক সভার আয়োজন করে। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। সংগঠনের আহ্বায়ক ওয়াদুদ আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন সাংবাদিক আফতাব হোসেন, সংস্কৃতিকর্মী শিহুরুল আলম, সমাজকর্মী তারেকুল ইসলাম প্রমুখ।
স্তব্ধ কর্মসূচি সফল করে তুলতে সাংস্কৃতিক সংগঠন নাট্যকেন্দ্র তাদের কার্যালয়ে সভা করে। আলোচনায় সভাপতি ছিলেন কাজী মো. জুননুন।
এ ছাড়া রংপুর প্রেসক্লাব, মহানগর দোকান মালিক সমিতি, ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন, হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে স্তব্ধ কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।