বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের সমাবেশ আজ সোমবার। বেলা তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
নির্বাচনকালে নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে জোটনেত্রী খালেদা জিয়ার বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা সময়সীমা পার হওয়ার পর এ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
এদিকে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকা জোটের তিনজন নেতা সমাবেশে থাকতে পারছেন না বলে জানা গেছে। তাঁরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, বিএনপির ও ১৮-দলীয় জোটের ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিব রহমান।
৪ মে মতিঝিলের শাপলা চত্বরে ১৮ দলের সমাবেশে সরকারবিরোধী বক্তব্য দেন সাদেক হোসেন খোকা ও আন্দালিব রহমান।
আর ৬ মে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এম কে আনোয়ার বলেছিলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে কোরআন পোড়ানো ও ভাঙচুরের জন্য দায়ী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা দেবাশীষ বিশ্বাস। এ বক্তব্যের পর এম কে আনোয়ারের বিরুদ্ধে মামলা করেন দেবাশীষ। ওই সংবাদ সম্মেলনে সাদেক হোসেন খোকা অভিযোগ করেন, ৫ মে রাতে হেফাজতের অবস্থান কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়ে সহস্রাধিক মানুষকে হত্যা করেছে।
এর পরদিন রাজধানীর এলিফ্যান্ট রোডে এম কে আনোয়ারের বাড়িতে, গোপীবাগ ও গুলশানে সাদেক হোসেনের বাড়িতে এবং বারিধারায় আন্দালিবের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই সময় তাঁরা কেউ বাড়িতে ছিলেন না। এর পর থেকে ১৮ দলের এই তিন নেতাই আত্মগোপনে আছেন। তাঁদের দলীয় কার্যালয় বা দলের ও জোটের কোনো কর্মকাণ্ডে দেখা যাচ্ছে না।
বাধা দিলে হরতাল: একাধিক সূত্র জানিয়েছে, আজকের সমাবেশে সরকার বাধা দিলে তাৎক্ষণিকভাবে হরতাল দেওয়ার সিদ্ধান্ত আছে ১৮-দলীয় জোটের। তবে সমাবেশ শান্তিপূর্ণ হলেও সেখান থেকে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। বিএনপির একটি সূত্র বলেছে, সমাবেশ শান্তিপূর্ণ হলে নির্দলীয় সরকারের দাবিতে ১৫ ও ১৬ মে হরতাল দেওয়ার সম্ভাবনা আছে। এ ছাড়া সড়ক, নৌ ও রেলপথ অবরোধের কর্মসূচিও দেওয়া হতে পারে।