আজ ২৫ মার্চ ভয়াল কালরাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৫ মার্চ। হানাদার পাকিস্তানি বাহিনীর নিরীহ বাঙালির ওপর বর্বর গণহত্যার ভয়াবহ স্মৃতিজড়িত ইতিহাসের এক কালো অধ্যায়। আজ কালরাত।
এখন থেকে ৪৪ বছর আগে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পৃথিবীর ইতিহাসে এক নৃশংসতম গণহত্যার নজির স্থাপন করেছিল হানাদার পাকিস্তানি সেনাবাহিনী। রাজধানী ঢাকায় সারা দিনের কাজ শেষে কর্মকান্ত নিরীহ মানুষ যখন ঘরে ফিরে ঘুমিয়ে ছিলেন, তখন তাঁদের হত্যার জন্য পথে নামল জলপাই রঙের ট্যাংক আর সাঁজোয়া বহর। হিংস্র শ্বাপদের মতো ধেয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়, পুলিশ-ইপিআর ব্যারাকের দিকে। শুরু হলো কুখ্যাত ‘অপারেশন সার্চলাইট’।
আজ ২৫ মার্চ কালরাত-এর শহীদের স্মরণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হবে।
এর মধ্যে আজ মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শহীদ বেদিতে মোমবাতি প্রজ্বালন করবে জগন্নাথ হল পরিবার। এর আগে রাত ১১টায় হলের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মশাল মিছিল হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। অন্য আয়োজনের মধ্যে রয়েছে আজ সন্ধ্যা ছয়টায় শহীদদের স্মরণে স্থাপনাশিল্পের প্রদর্শন, সাতটায় হলে জাগরণের গান এবং নয়টায় দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি।