ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৬তম সমাবর্তন আজ শনিবার। এ উপলক্ষে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে গোটা ক্যাম্পাসে। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গ্রহণ করা হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সমাবর্তন একটি আনন্দময় উপলক্ষ। শৃঙ্খলা মেনে সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তিনি গ্র্যাজুয়েট ও অতিথিদের সহযোগিতা কামনা করেন।এবারের সমাবর্তনের আকর্ষণীয় দিক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় শোভাযাত্রা। প্রায় ১৭ হাজার গ্র্যাজুয়েট ও তিন হাজার অতিথির অংশগ্রহণে সমাবর্তনের শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গতকাল শুক্রবার সকালে মহড়া দিয়েছেন গ্র্যাজুয়েট ও অতিথিদের একটি অংশ। মহড়া শেষ হতে না হতেই শিক্ষার্থীরা সমাবর্তনের গাউন পরে ছড়িয়ে পড়েন ক্যাম্পাসজুড়ে।সমাবর্তনের মূল অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আজ সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে যেতে হবে। সাড়ে ১১টায় শুরু হবে অনুষ্ঠান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমান এতে সভাপতিত্ব করবেন। এবারের সমাবর্তন বক্তা বিশ্ব বাণিজ্য সংস্থার মহাসচিব প্যাসকেল ল্যামি। সমাবর্তনে অংশগ্রহণ করবেন ১৬ হাজার ৮২৬ জন গ্র্যাজুয়েট, পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত ১০০ জন ও এমফিল ডিগ্রিপ্রাপ্ত ৫৩ জন। ৫৮ জন স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী-গবেষক পাবেন ৬২টি স্বর্ণপদক। প্রায় তিন হাজার অতিথি অংশগ্রহণ করবেন। সবমিলিয়ে সমাবর্তনে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ২০ হাজার।