আজ ৭৪ শিক্ষাপ্রতিষ্ঠানে আই-জেন প্রতিযোগিতা
বিপুল উৎসাহ উদ্দীপনায় চলছে গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন ২০১৫-এর স্কুল পর্যায়ের বাছাই প্রতিযোগিতা। শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেট সম্পর্কে সচেতনতা ও আগ্রহ তৈরির প্রয়াসে আয়োজন করা হয়েছে এ প্রতিযোগিতা। গতকাল সোমবার তৃতীয় দিনে দেশের ৬১ জেলায় ৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ আয়োজন অনুষ্ঠিত হয়৷ এতে অষ্টম থেকে দশম শ্রেণি পড়ুয়া প্রায় ২৩ হাজার শিক্ষার্থী অংশ নেয়। আজ ৬১ জেলায় ৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷
সারা দেশে ইন্টারনেট উৎসবের এই বিরাট আয়োজন বাস্তবায়ন করছে প্রথম আলো বন্ধুসভা৷ এ আয়োজনের সহযোগী সরকারের শিক্ষা মন্ত্রণালয়। আগামী তিন সপ্তাহজুড়ে স্কুল পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত হবে দেশের সব কটি জেলার দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে। এতে ছয় লাখের বেশি শিক্ষার্থীর অংশ নেবে।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল আই-জেন অনুষ্ঠিত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খাগড়াছড়ির এপি ব্যাটালিয়ন উচ্চবিদ্যালয়, ফরিদপুরের সরকারি বালিকা বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চবিদ্যালয়, শেরপুরের ইউনাইটেড স্কুল, লালমনিরহাটের সরকারি উচ্চবিদ্যালয়, নোয়াখালীর ওবায়েদ উল্লা মেমোরিয়াল উচ্চবিদ্যালয়, চুয়াডাঙ্গার এম এ বারী, মাগুরার কালেক্টরেট কলেজিয়েট স্কুল৷
আই-জেনে প্রতিটি স্কুলের অনুষ্ঠানের মূলত দুটি অংশ আছে৷ এতে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহারের মৌলিক কিছু নিয়মকানুন হাতে-কলমে জানতে পারছে৷
এ প্রতিযোগিতায় সহযোগিতা করছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, ওপেরা মিনি, এখানেই ডট কম, রেক্সোনা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই।