আজ 'চন্দ্রকুমার দে পুরস্কার' হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় ‘চন্দ্রকুমার দে লোকসাহিত্য গবেষণা পুরস্কার’ প্রবর্তন করা হয়েছে। আজ সোমবার প্রথমবারের মতো খ্যাতিমান লোকসাহিত্য গবেষক আশরাফ সিদ্দিকীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।
নেত্রকোনা সরকারি কলেজের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে গঠিত ফোকলোর পর্ষদ এ পুরস্কার চালু করেছে। বিভাগের প্রধান ও ফোকলোর পর্ষদের সভাপতি আফজাল রহমান প্রথম আলোকে বলেন, আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজের সম্মেলন কক্ষে বরণীয় গবেষক আশরাফ সিদ্দিকীকে আনুষ্ঠানিকভাবে ‘চন্দ্রকুমার দে লোকসাহিত্য গবেষণা পুরস্কার ১৪২৩’ দেওয়া হবে।
কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কবি মুহীত উল আলম। প্রধান আলোচক থাকবেন বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ যতীন সরকার। বিশেষ অতিথি থাকবেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান মো. মাহবুব হোসেন, জামালপুরের আশেক মাহমুদ সরকারি কলেজের অধ্যক্ষ প্রাবন্ধিক মোজাহিদ বিল্লাহ ফারুকী, বাংলা একাডেমির উপপরিচালক আমীনুল ইসলাম সুলতান প্রমুখ। আফজাল রহমান আরও বলেন, মৈমনসিংহ গীতিকার সংগ্রাহক চন্দ্রকুমার দে এ জনপদেরই গর্বিত সন্তান। জীবদ্দশায় কঠিন দারিদ্র্যের সঙ্গে লড়ে লোকসংস্কৃতি সংগ্রহ ও সাহিত্য সাধনা করে তিনি অফুরান ঋণী করেছেন আমাদের। তাঁকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।