আজ 'প্রার্থনা দিবস' নিসচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আশা-ভরসার স্থানগুলো একে একে ব্যর্থ হয়েছে। তাই মহান সৃষ্টিকর্তার মুখাপেক্ষী হওয়া ছাড়া কোনো উপায় নেই বলে মনে করে নিরাপদ সড়ক চাই (নিসচা)। তাই আজ শুক্রবার ‘প্রার্থনা দিবস’-এর ঘোষণা দিয়েছে সংগঠনটি।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রার্থনার ঘোষণা দেন সংগঠনের চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাঞ্চন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। দেশে খরা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, মহামারি দেখা গেলে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার রেওয়াজ আছে। বর্তমান পরিস্থিতিতে মহান সৃষ্টিকর্তা যাতে রাজনৈতিক দল ও নেতাদের ‘বুঝ’ দেন, সে জন্য আজকের প্রার্থনা দিবসের ঘোষণা।
আজ পবিত্র জুমার নামাজ আদায় শেষে মহান আল্লাহ তায়ালার কাছে বিশেষ দোয়া ও প্রার্থনা করার জন্য ইমামদের প্রতি অনুরোধ জানান ইলিয়াস কাঞ্চন। এ ছাড়া মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধরনের উপাসনালয়ে বিশেষ প্রার্থনার জন্য ধর্মগুরুদের অনুরোধ জানান তিনি।
অবরোধ-হরতালে রাস্তা, রেলপথ আক্রান্ত হচ্ছে—এ অবস্থায় নিরাপদ সড়কের জন্য সেসব জায়গায় না গিয়ে প্রার্থনার কর্মসূচি কেন—এর জবাবে কাঞ্চন বলেন, ‘সেখানে গেলে আমাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হতে পারে। সে জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাকেই উত্তম মনে করছি।’ তিনি বলেন, পরিস্থিতি উত্তরণের দাবি নিয়ে সরকার ও বিরোধী দলের কাছে যাননি, সেখানে গিয়ে লাভ নেই।