আজ 'স্তব্ধ টাঙ্গাইল' কর্মসূচি
আজ শনিবার বেলা ১১টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত টাঙ্গাইল জেলার মানুষ পালন করবে ‘স্তব্ধ টাঙ্গাইল’ কর্মসূচি।
টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের সঙ্গেই রাখার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে। টাঙ্গাইলকে ঢাকা বিভাগেই রাখার দাবি বাস্তবায়ন কমিটি এ কর্মসূচি আহ্বান করেছে।
সরকার সম্প্রতি ময়মনসিংহকে বিভাগে উন্নীত করার ঘোষণা দিয়েছে। এ ঘোষণার পর থেকেই বলা হচ্ছে বৃহত্তর ময়মনসিংহের ছয়টি জেলা নিয়ে এ বিভাগ বাস্তবায়ন করা হবে। এ ছয় জেলার মধ্যে টাঙ্গাইলও একটি।
সরকারের এ ঘোষণার পরপরই টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে আন্দোলনে নেমেছে টাঙ্গাইলবাসী। এ জন্য গঠন করা হয়েছে ‘টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবি বাস্তবায়ন কমিটি’।
দাবি পূরণের লক্ষ্যে ধারাবাহিকভাবে চলছে আন্দোলন। কি আওয়ামী লীগ, কি বিএনপি—টাঙ্গাইলকে ঢাকা বিভাগের সঙ্গে রাখতে দলমত-নির্বিশেষে সবাই শরিক হয়েছেন এই আন্দোলনে। এরই ধারাবাহিকতায় আজ জেলার অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাকেন্দ্র, হাটবাজার ও রাস্তাঘাটসহ যে যেখানে থাকবেন, সেখানেই দাঁড়িয়ে ১০ মিনিট নীরবতা পালন করবেন।
বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জাফর আহমেদ জানান, স্তব্ধ টাঙ্গাইল কর্মসূচি সফল করতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।