আজও অক্সিজেন ও ছায়া দিচ্ছে গাছগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরোনো গাছগুলোর একটির নিচে অবসর নিচ্ছেন কয়েকজন
পুরোনো গাছগুলোর একটির নিচে অবসর নিচ্ছেন কয়েকজন

প্রায় ৭০ বছরের পুরোনো রেইনট্রি গাছগুলো হত্যার শিকার হতেই চলেছিল। প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন প্রকাশের পর আন্দোলনের মুখে রক্ষা পায়। গত তিন বছর ধরে অক্সিজেন ও ছায়া দিয়ে চলেছে কুষ্টিয়া শহরের গড়াই নদের পাশের গাছগুলো।
ঘটনাটা ২০১৪ সালের প্রথমার্ধের। তখন বড় বড় রেইনট্রি গাছগুলো বিক্রির জন্য দরপত্র আহ্বান করে রেইনইউক যজ্ঞেশ্বর কোম্পানি (চিনিকলের যন্ত্রাংশ তৈরির কারখানা)। সরকারি এই প্রতিষ্ঠানের কার্যালয়ের ভেতরেই গাছগুলো রয়েছে। গাছগুলো নষ্ট ও পুরোনো মনে করে তারা বিক্রির উদ্যোগ নিয়েছিল। এ নিয়ে ২০১৪ সালের ২১ এপ্রিল প্রথম আলোয় ‘ছয় গাছ হত্যার আয়োজন’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। কুষ্টিয়ার সচেতন মানুষ ২৪ এপ্রিল গাছের নিচে দাঁড়িয়ে মানববন্ধন করেন। প্রতিবাদের মুখে পিছু হটে কর্তৃপক্ষ।
সেই কর্মসূচির আয়োজকদের একজন কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল। তিনি গত সোমবার প্রথম আলোকে বলেন, সে সময় গণমাধ্যমে না এলে হয়তো আজকে এই গাছগুলো আর তরতাজা থাকত না। গাছগুলোতে বেশ কিছু বিলুপ্ত প্রজাতির পাখিও বাস করে। কাটা হলে পাখিগুলোর সবচেয়ে বেশি ক্ষতি হতো।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, সবচেয়ে বেশি ব্যাসার্ধের গাছটির নিচে বসে আছেন কয়েকজন। রেইনইউক বাঁধে বেড়াতে এসে তাঁরা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছেন। দুজন ছবি তোলায় ব্যস্ত ছিলেন। সাব্বির আহমেদ নামে একজন বললেন, গাছের আকার দেখে অনেকেই এখানে ফটোসেশন করেন।
গড়াইপারে বেড়াতে আসা দর্শনার্থীদের কাছে এসব গাছ খুবই প্রিয়। গাছের নিচে বসে ঠান্ডা বাতাস পাওয়া যায়। ছায়া তো আছেই। এক কথায় এই গাছগুলো ঘিরে এখানকার পর্যটন সমৃদ্ধ হচ্ছে।
কুষ্টিয়া রেইনইউক যজ্ঞেশ্বর কোম্পানির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান বলেন, ‘আমি সে সেময় এখানে ছিলাম না। তবে ঘটনাটি শুনেছিলাম। ওই ঘটনার পর গাছগুলো কাটার আর কোনো পরিকল্পনা নেই।’
তিন বছর আগের সেই দরপত্র আহ্বান কমিটির সভাপতি পার্থ প্রতীম সাহা বলেন, ‘গাছগুলো অনেক পুরোনো হয়ে গেছে। এর কিছু কিছু ডাল শুকিয়ে ভেঙে পড়ছে। গাছের ফাঁকে ফাঁকে পানি জমছে। এতে গাছ নষ্ট হয়ে যাচ্ছে। তবু আমরা সেখানে যাচ্ছি না। গাছ গাছের মতোই থাকুক।’