আজও অপরিহার্য জসীমউদ্দীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামবাংলার কবি জসীমউদ্দীন। এই সর্বগ্রাসী নগরায়ণের যুগে আজও সমানভাবে অপরিহার্য শ্যামল বাংলার প্রকৃতির এই সন্তান। যত দিন বাংলা সাহিত্য আছে, তত দিন আমাদের মনের গহিন কোণে আসন পাতা থাকবে তাঁর।
পল্লিকবি জসীমউদ্দীনের ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সকালে ফরিদপুরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এভাবেই মূল্যায়ন করেন কবিকে। সকালে শহরতলির গোবিন্দপুর গ্রামে কবির সমাধিসংলগ্ন বাড়ির আঙিনায় এ সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রশিদ।
সভাপতির বক্তব্যে আবদুর রশিদ বলেন, ‘আমরা কবির লেখা পড়ে আপ্লুত হয়েছি, উদ্বেলিত হয়েছি। কিন্তু নগরায়ণের কারণে আজকালকার শিশুরা কবির অমর সব রচনা সম্পর্কে পরিচিত নয়। এ জন্যই সরকারি উদ্যোগে কবির বাড়ির কাছে নির্মাণ করা হচ্ছে জসীম সংগ্রহশালা।’
আলোচনায় আরও অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে এম কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরাদুল হক, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি এম এ সামাদ, অধ্যাপক মো. শাহজাহান, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি আবুল ফয়েজ শাহনেওয়াজ, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, কবির ভাইপো ইয়ার সাইফুদ্দিন আহমেদ, সম্মিলিত সংস্কৃতিক জোটের আবু সুফিয়ান চৌধুরী, জাহিদ ব্যাপারী প্রমুখ।
বক্তারা দ্রুত জসীম সংগ্রহশালার কাজ শেষ করে সবার জন্য খুলে দেওয়ার দাবি জানান। পাশাপাশি ছড়িয়ে-ছিটিয়ে থাকা পল্লিকবির সব রচনা সংগ্রহ করে তা সংরক্ষণের দাবি জানান।
আলোচনা সভার আগে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমি, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, ফরিদপুর সাহিত্য পরিষদ, জসীমউদ্দীনের প্রতিষ্ঠিত আনসারউদ্দীন উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠন কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
পল্লিকবির জন্মবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে ১৫ জানুয়ারি শহরতলির অম্বিকাপুরের জসীম উদ্যানে পক্ষকালব্যাপী ‘জসীম পল্লি মেলা’ শুরু হওয়ার কথা।
জসীমউদ্দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। ‘কবর’, ‘নিমন্ত্রণ’সহ অনেক স্মরণীয় কবিতা এবং সোজন বাদিয়ার ঘাট, নক্সীকাঁথার মাঠসহ অনেক কালজয়ী কাব্যগ্রন্থ রচনা করে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।