আজও আদালতে হাজির হননি খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া আদালতে হাজির হননি। আজ বৃহস্পতিবার এ মামলায় অভিযোগ গঠনবিষয়ক শুনানির জন্য দিন ধার্য ছিল।
আজ খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত ৬ অক্টোবর অভিযোগ গঠনবিষয়ে শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।
এর আগে গত ২ ও ১৮ এপ্রিলসহ একাধিক তারিখে সময়ের আবেদন করা হয়েছিল।
খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে জানান, সংসদ অধিবেশনের কাজ নিয়ে তিনি ব্যস্ত আছেন, তাই তিনি আদালতে হাজির হতে পারেননি।
আইনজীবীরা বলেন, আইন অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশন ডাকলে কোনো সংসদ সদস্যকে অধিবেশন ডাকার সাত দিন আগে ও শেষ হওয়ার পরে সাত দিন পর্যন্ত আদালতে উপস্থিত হতে হবে না। তাই মামলার কার্যক্রম মুলতবি করার প্রার্থনা করেন আইনজীবীরা।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন এর বিরোধিতা করে বলেন, গত ২ এপ্রিল থেকেই বিভিন্ন কার্য তারিখে বিভিন্ন কারণ দেখিয়ে আসামিপক্ষ সময় আবেদন করে আসছে। তিনি দাবি করেন, মামলাটিকে বিলম্বিত করার উদ্দেশ্যেই আসামিপক্ষের আইনজীবীরা এ পন্থা অবলম্বন করছেন।

শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোতাহার হোসেন মামলার পরবর্তী তারিখ ৬ অক্টোবর ধার্য করেন।