ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৯৭১ সালের ৯ ডিসেম্বর হানাদারদের আকস্মিক হামলায় শহীদ মিত্রবাহিনীর সেনাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভটি আজও উদ্বোধন করা হয়নি।
বছর খানেক আগেই এটির নির্মাণকাজ শেষ হয়েছে। কিন্তু সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কবে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে, তা কেউ জানে না।
গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্র এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে স্মৃতিফলকটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় লোকজন জানান, ফলক নির্মাণ করা হলেও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। তাই বিজয় দিবস বা স্বাধীনতা দিবসে প্রশাসনের পক্ষ থেকে এখানে কেউ শ্রদ্ধা জানাতে আসেন না। তবে শিক্ষার্থীরা আসে স্মৃতিফলকটি দেখতে।
মুক্তিযুদ্ধ ও আশুগঞ্জ বইয়ের লেখক অধ্যক্ষ শাহজাহান বলেন, ‘আমাদের বাঁচাতে এসে মিত্রবাহিনীর এই মানুষগুলো শহীদ হন। এত দিনেও তাঁদের প্রতি আন্তরিক সম্মান প্রদর্শন করতে না পারাটা আমাদের বড় ধরনের ব্যর্থতা।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ বলেন, প্রকল্পটি আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের অধীনে হওয়ায় প্রশাসন এ ব্যাপারে কিছু জানে না। বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম বলেন, ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ’ ফলকটির তত্ত্বাবধান করায় তাঁরাও কিছু জানেন না।
স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায়, মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের এক সপ্তাহ আগে আশুগঞ্জ শত্রুমুক্ত হওয়ার খবরে ৯ ডিসেম্বর মিত্রবাহিনী অঞ্চলটি দখলে নিতে আসে। কিন্তু তখনো আশুগঞ্জে হানাদার বাহিনীর দুই থেকে তিনটি ব্যাটালিয়ন সেনা ছিল। মিত্রবাহিনী বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি যেতেই হানাদার বাহিনীর আক্রমণে পড়ে। মুক্তিযুদ্ধ ও আশুগঞ্জ বইয়ে পাওয়া তথ্য থেকে জানা যায়, হানাদারদের হামলায় আধা ঘণ্টায় কয়েকজন মুক্তিযোদ্ধা, বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীসহ মিত্রবাহিনীর তিন শতাধিক সদস্য শহীদ হন।
মিত্রবাহিনীর ওই আত্মত্যাগের ঘটনা ও শহীদদের স্মরণে এলাকাবাসীর স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি নিয়ে ২০০৪ সালে প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়। ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুগঞ্জে রেন্টাল পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করতে এসে মিত্রবাহিনীর স্মরণে স্মৃতিস্তম্ভ তৈরির ঘোষণা দেন। এক বছর আগে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত স্মৃতিস্তম্ভটির কাজ শেষ হয়।