আজও কাঁদেন হাফিজুরের মা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী সেই হাফিজুর মোল্লার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২ ফেব্রুয়ারি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার এক মাসের মাথায় ২০১৬ সালের এই দিনে নিউমোনিয়া বাধিয়ে মৃত্যু হয়েছিল তাঁর। হাফিজুরের বাবা-মা একমাত্র সন্তানের স্মৃতি আঁকড়ে আজও পড়ে আছেন।
অটোরিকশাচালক বাবার ছেলে হাফিজুরের ঢাকায় বাসা ভাড়া করে থাকার সামর্থ্য ছিল না। ছাত্রলীগের ‘বড় ভাইদের’ মাধ্যমে এস এম হলের বারান্দায় উঠেছিলেন। থাকতেন বারান্দায়, যেতে হতো রাজনৈতিক কর্মসূচিতে। নিউমোনিয়া ও টাইফয়েডে আক্রান্ত হয়ে গ্রামের বাড়ি চলে যান। শারীরিক অবস্থা বেশি খারাপ হলে ভালো চিকিৎসার জন্য আবার ঢাকায় রওনা দেন। পথেই মৃত্যু হয় এই মেধাবী শিক্ষার্থীর।
হাফিজুর মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুরে। তাঁর সহপাঠী ও পরিবারের অভিযোগ ছিল, শীতের মধ্যে বারান্দায় থাকা এবং রাতের বেলায় ছাত্রলীগের কর্মসূচিতে যাওয়ার কারণে হাফিজুর ঠান্ডায় আক্রান্ত হন। অসুস্থ অবস্থায় তীব্র শীতের মধ্যেও তাঁকে এক রাতে প্রায় সাড়ে তিন ঘণ্টা বাইরে থাকতে হয়। তাঁকে প্রায়ই অন্য কর্মীদের সঙ্গে হলের মাঠে ‘গেস্টরুম’ করতে হতো।
এসব অভিযোগের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত হলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বামপন্থী কয়েকটি ছাত্রসংগঠন বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ দেখায়। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাফিজুরের বাবাকে ডেকে এনে ৪ লাখ টাকা অনুদান দেয়।
সেই টাকায় ইসহাক মোল্লা এখন দোকান করছেন। ইসহাক মোল্লা বলেন, তাঁরা হাফিজুরের স্মৃতি আঁকড়ে পড়ে আছেন। হাফিজুরের মা হালিমা বেগম এখনো প্রায় রাতেই কেঁদে ওঠেন। দুই বছরেও স্বাভাবিক হতে পারেননি।’
একজনের প্রতিবাদ
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তাহসিন মাহমুদ আজও তাঁর ফেসবুকের কভার ফটোতে হাফিজুরকে বয়ে বেড়াচ্ছেন। লিখেছিলেন, ‘এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী সবাই, সবাই এই খুনের আসামি। বিচার না হওয়া পর্যন্ত এটা কাভার ছবি থাকবে।’ গতকাল তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত কোনো পরিবর্তন না হলে হাফিজুরের হত্যার বিচার পাওয়া সম্ভব নয়।