মহাজোট সরকারে থাকা আওয়ামী লীগের মন্ত্রীদের অনেকেই তাঁদের পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছেন। দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় জানিয়েছেন, তিনি আজ শনিবার পদত্যাগপত্র জমা দেবেন।
পদত্যাগ করলেও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অনেকেই তা গণমাধ্যমের কাছে স্বীকার করছেন না। একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুই কারণে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি প্রকাশ করা হচ্ছে না। প্রথমত, এটা প্রকাশ হলে সাংবিধানিকভাবে পদত্যাগ হয়ে যাবে। অনেকে শেষ সময়ের প্রস্তুতি এবং নিজ নিজ নির্বাচনী এলাকার নেতা-কর্মীদের তদবির বাস্তবায়নে ব্যস্ত রয়েছেন। তবে আগামী সোমবারের মধ্যে প্রায় সব মন্ত্রী পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।
আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির প্রস্তুতি বৈঠক: গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির প্রস্তুতি সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ।
কাজী জাফর উল্যাহ বলেন, ‘আমরা দেশকে নির্বাচনী আবহে নিয়ে এসেছি। সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে ঠিক সময়মতো নির্বাচন হবে। সব দলকে, বিশেষ করে বিরোধী দলকে বলতে চাই, আপনারা নির্বাচনে আসুন। দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। আপনারা চাইলে আমরা যেকোনো সময় আলোচনা করতে প্রস্তুত।’
বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে জাফর উল্যাহ বলেন, ‘আপনার দলের নেতারা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন, প্রচারও করছেন। শুধু আপনার সিগন্যালের অপেক্ষায় রয়েছেন।’
এ সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।
সভা থেকে জানানো হয়, ১০ নভেম্বর সকাল ১০টা থেকে পাঁচটা পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের তৃতীয় তলায় মনোনয়নপত্র বিক্রি হবে। সাত বিভাগের জন্য সাতটি বুথ থেকে মনোনয়নপ্রত্যাশীরা ফরম সংগ্রহ করতে পারবেন। এবার মনোনয়নপত্রের দাম রাখা হয়েছে ২৫ হাজার টাকা। গতবার ছিল ১০ হাজার টাকা।
দলীয় সূত্রগুলো জানিয়েছে, মনোনয়নপত্র সংগ্রহের পর এগুলো দলীয় সংসদীয় বোর্ডে পেশ করা হবে। দলীয় গঠনতন্ত্রবলে এই বোর্ডই চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করবে।