আজও তাঁদের বাড়িভাড়া ১০০ চিকিৎসা ভাতা ১৫০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশায় তাঁরা বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক। এমপিওভুক্ত (মাসিক বেতনের সরকারি অংশ) প্রতিষ্ঠানের কর্মী হিসেবে তাঁরা প্রতি মাসে বাড়িভাড়া বাবদ পান ১০০ টাকা, আর চিকিৎসা ভাতা বাবদ ১৫০ টাকা। এতে না পরিশোধ হয় বাড়িভাড়া, না চলে চিকিৎসা। এমন বাস্তবতার মধ্যেই আজ ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস ২০১২’ পালন করতে যাচ্ছেন দেশের বেসরকারি শিক্ষকেরা। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে: ‘শিক্ষকদের পক্ষে অবস্থান নিন’। দিবসটি উপলক্ষে কুমিল্লা গণিত ক্লাব আজ সকাল সাড়ে ১০টায় নগরের টাউন হলে জেলার ১২ জন শিক্ষককে সম্মাননা দেবে। বেসরকারি শিক্ষকদের অভিযোগ, বহু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় পড়াশোনার মান ও ফল ভালো করা সত্ত্বেও দিনের পর দিন তাঁদের অবহেলার চোখে দেখা হচ্ছে। এটা দুঃখজনক। কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম উচ্চবিদ্যালয় ও কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মাসুদ মজুমদার অভিযোগ করে বলেন, ‘শিক্ষাব্যবস্থায় শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখার জন্য স্বতন্ত্র বেতন স্কেলের কথা উচ্চারিত হলেও এখন পর্যন্ত সেটি বাস্তবায়িত হচ্ছে না।’ ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আলহাজ মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম বলেন, ‘শিক্ষকদের বাড়িভাড়া ১০০ টাকা; অথচ বাড়িভাড়া খুঁজতেই রিকশাভাড়া দিতে হয় ১০০ টাকার বেশি। আর চিকিৎসা ভাতা ১৫০ টাকা, অথচ কুমিল্লা নগরে একজন চিকিৎসকের ফি এখন ৭০০ টাকা।’ বাংলাদেশ শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি আফছার উদ্দিন ও সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন জানান, কুমিল্লা জেলার ১৬ উপজেলার ৫৩৭টি বেসরকারি বিদ্যালয়ে প্রায় তিন হাজার শিক্ষক রয়েছেন। গত জুলাই মাসে সভা-সমাবেশ ও আন্দোলন কর্মসূচি করেও তাঁরা দাবি আদায় করতে পারেননি। বেসরকারি শিক্ষক হওয়ায় তাঁরা আজ বৈষম্যের শিকার হচ্ছেন। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক এ কে এম আলকাসুর রহমান বলেন, শিক্ষকদের বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও ঈদ বোনাস একেবারেই উল্লেখ করার মতো নয়। ‘শিক্ষাবান্ধব’ বর্তমান সরকার বৈষম্যমূলক বেতনকাঠামো পরিবর্তন করে শিক্ষকদের মর্যাদা দিলে জাতি হিসেবে সবাই এখন গর্বিত হতো।