আজও নেতা-কর্মীশূন্য বিএনপির কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধের দ্বিতীয় দিনে আজ রোববারও রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নেতা-কর্মীশূন্য অবস্থায় রয়েছে। সকাল থেকে সেখানে সংবাদকর্মী ও পুলিশ সদস্য ছাড়া আর কাউকেই দেখা যায়নি। বরাবরের মতো কড়া নিরাপত্তাব্যবস্থা রয়েছে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় এলাকায়।

গতকাল শনিবার ভোররাতে দপ্তরের দায়িত্বে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তারের পর থেকে কার্যত ১৮-দলীয় জোটের বক্তব্য তুলে ধরার মতো কাউকে পাওয়া যাচ্ছে না।

রিজভী গ্রেপ্তারের পর দলের আরেক যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে দপ্তর ও মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়। গতকাল দুপুরের পর থেকে তাঁকেও আর পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন নম্বরটি মাঝেমধ্যে খোলা পাওয়া গেলেও প্রায়ই বন্ধ থাকছে।

দীর্ঘদিন থেকে দলের কেন্দ্রীয় নেতৃত্বের অনুপস্থিতিতে হরতাল-অবরোধ কর্মসূচিতে কেন্দ্রীয় কার্যালয়ে থেকে নিয়মিত সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতেন রিজভী। সব ধরনের পরিস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকতেন তিনি। কয়েক মাস আগে রিজভী গ্রেপ্তার হলে সালাহউদ্দিন আহমদ কেন্দ্রীয় কার্যালয় সামলান। এক সময় গ্রেপ্তার হন সালাহউদ্দিনও। তখন দপ্তরের দায়িত্ব দেওয়া হয় শামসুজ্জামান দুদুকে। এভাবেই বিএনপির নয়াপল্টন কার্যালয়ে কেউ না কেউ দায়িত্ব নিতেন। কিন্তু এবারের চেহারা ভিন্ন।

দলের মুখপাত্র ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য শীর্ষ নেতারাও আত্মগোপনে আছেন। তাই গতকাল শনিবার থেকেই কেন্দ্রীয় কার্যালয়ে দায়িত্বশীল কোনো নেতাকেও দেখা যাচ্ছে না। অবরোধের প্রথম দিনে দল বা বিএনপির নেতৃত্বাধীন জোটের কোনো সংবাদ সম্মেলন হয়নি। রিজভীর অনুপস্থিতিতে দপ্তরের দায়িত্ব পাওয়া সালাহউদ্দিন গতকাল শনিবার রাতে এক বিবৃতির মাধ্যমে দলের বক্তব্য গণমাধ্যমে তুলে ধরেন। আজও একইভাবে দলের বক্তব্য তুলে ধরা হতে পারে বলে দলের একটি সূত্র জানিয়েছে। পাশাপাশি টেলিভিশনের জন্য বক্তব্য রেকর্ড করে সংবাদমাধ্যমে পাঠানো হতে পারে বলে সূত্রটি জানিয়েছে।