আজও বৃষ্টি হতে পারে
রাজধানীতে গতকাল বুধবারের এক পশলা বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরে এলেও আজ সকাল থেকে আবার সেই উষ্ণ আবহাওয়া বিরাজ করছে। তবে আজও বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।
আজ ভোর ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে ২২ মিলিমিটার। তাই তাপমাত্রা আগের দিনের চেয়ে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস কমে হয়েছে ৩৩ দশমিক ৮। ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা, চাঁদপুর জেলায়ও বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনী জেলায়।
বৃষ্টি না হওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি। সাতক্ষীরা জেলায় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় একটি পশ্চিমা লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে।
রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।