আজও বৃষ্টি হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো ভারী বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টির সঙ্গে বজ্রপাত। আবার বজ্রবৃষ্টি কমে এলে শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। বৃষ্টি থেমে গেলেই প্রখর রোদ। এর সঙ্গে ঝোড়ো হাওয়ায় কয়েক দিন ধরে উত্তাল বঙ্গোপসাগর। এ অবস্থা আরও দুই দিন থাকতে পারে। এ জন্য দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর ও নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে হবে।

নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর কারণ সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিক দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে হবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেন, আজ বুধবারও দেশজুড়ে বৃষ্টি হতে পারে। তবে ঢাকা, খুলনা, চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বেশি হতে পারে। এর সঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে। এই অবস্থা আরও দু-এক দিন থাকতে পারে। এরপর পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ২৫ সেপ্টেম্বরের পর আবারও বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেতে পারে।