রাজধানী ঢাকায় গতকাল মঙ্গলবার বৃষ্টি না হলেও চট্টগ্রামসহ দেশের দক্ষিণাঞ্চলে দেখা গেছে প্রবল বর্ষণ। চট্টগ্রামে স্মরণাতীতকালের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। প্রবল বর্ষণে চট্টগ্রামসহ এ বিভাগের বেশির ভাগ জেলার জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ বুধবারও চট্টগ্রাম, সিলেট, রংপুর ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।চট্টগ্রামে গতকাল সারা দিনে ৩৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া কুতুবদিয়ায় ২৭৯ মিলিমিটার, টেকনাফে ১৬৪ ও সিলেটে ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। রাজধানীর মতো উত্তরাঞ্চলের বেশির ভাগ স্থানে তেমন বৃষ্টি হয়নি।আবহাওয়া বিভাগের ব্যাখ্যায় বলা হয়েছে, দেরিতে শক্তিশালী হয়ে ওঠা মৌসুমি বায়ুর কারণে এমন বৃষ্টিপাত হচ্ছে। সাধারণত মে মাসের শেষের দিকে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় হয়ে ওঠে। এবার শুরুতে মৌসুমি বায়ু দুর্বল ছিল। ফলে জুনের মাঝামাঝি পর্যন্ত সারা দেশে সামান্য বৃষ্টিপাত হয়। দুই দিন ধরে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয়বাষ্প নিয়ে মৌসুমি বায়ু সারা দেশের ওপর বিস্তৃত হয়েছে। বিশেষ করে, দক্ষিণাঞ্চলে শক্তিশালী মৌসুমি বায়ুর কারণে অতি ভারী বর্ষণ চলছে।আবহাওয়া বিভাগ বলছে, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক স্থানেও আজ মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।দেশের নদ-নদীগুলোর পানি বৃদ্ধি গতকালও অব্যাহত ছিল। ৭৩টি নদ-নদীতে স্থাপন করা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্টেশনগুলোর মধ্যে ৪৩টির পানির উচ্চতা বেড়েছে, ২৬টির পানি কমেছে। অতিবর্ষণের ফলে ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে পড়েছে।বন্দর-উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত: আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগর এলাকায় প্রবল রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য বেড়ে গেছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।পূর্বাভাসে আরও বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।