
‘আমার সাখাওয়াত বেঁচে থাকলে আজ ১৮ বছরের যুবক হত। ঘরের কাউকে না বলে সে খেলা দেখতে গিয়েছিল। ফিরল লাশ হয়ে। আমার চারজন মেয়ে। একমাত্র ছেলে ছিল সে। সে খুব মেধাবী আর দুরন্ত ছিল। আমার মেয়েদের ভাই ডাকার কেউ নেই। ছেলে হারিয়ে আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। সারাটা জীবন পুত্র হারানোর শোক আমি কীভাবে বয়ে বেড়াব? এ কী হয়ে গেল আমার! ’ পুত্র হারানো মায়ের এই আহাজারি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মধ্যম মায়ানি গ্রামের নাজমা আক্তারের।
২০১১ সালের ১১ জুলাই উপজেলার আবু তোরাব সড়কের সৈদালী এলাকায় রাস্তার পাশের ডোবায় ট্রাক পড়ে তাঁর পুত্র সাখাওয়াতসহ ৪২ জন স্কুলছাত্রসহ ৪৪ জন নিহত হয়। সে দিন মিরসরাই স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে একটি মিনি ট্রাকে গাদাগাদি করে ফেরার পথে ভয়ানক দুর্ঘটনার শিকার হয়। এক চালকের ভুলে এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়ার সেই ঘটনায় সারা দেশ শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল। ছয় বছরেও সন্তান হারানোর শোক ভুলতে পারেনি মায়েরা। সেই মিরসরাই ট্র্যাজেডির ষষ্ঠ বার্ষিকী আজ মঙ্গলবার।
মিরসরাইয়ে নিহতদের মধ্যে ৩৪ জনই উপজেলার মায়ানী ইউনিয়নের আবু তোরাব উচ্চবিদ্যালয়ের ছাত্র। বাকিদের মধ্যে একজন ছাড়া অন্যরা মঘাদিয়া ও মায়ানী ইউনিয়নের ১১টি গ্রামের বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র ছিল। কেউ মারা গেছে ঘটনাস্থলেই আবার কেউ কেউ চিকিৎসাধীন অবস্থায় কয়েক দিন পরে। এ ঘটনায় নিহত ছাত্রদের স্মরণে দুর্ঘটনাস্থলে ‘অন্তিম’ ও আবু তোরাব উচ্চবিদ্যালয়ের সামনে ‘আবেগ’ নামে দুটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে।
আবু তোরাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর সাদেক জানান, ‘দিনটি শুধু আমাদের স্কুল আর উপজেলা নয়, এটি পুরো জাতির জন্য শোকের দিন।’
মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনার ষষ্ঠ বার্ষিকীতে প্রতিবারের মতো এবারো নিহত শিক্ষার্থীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, স্মৃতিচারণ ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে বলে জাফর সাদেক জানান। এতে চিকিৎসক, শিক্ষাবিদ, সমাজসেবক ও রাজনীতিবিদেরা উপস্থিত থাকবেন।