আজও মুক্তি মেলেনি তাঁর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারওয়ান বাজারে আজও ডাব নিয়ে ক্রেতার অপেক্ষায় বাবু খাঁ। ছবি: আবদুস সালাম
কারওয়ান বাজারে আজও ডাব নিয়ে ক্রেতার অপেক্ষায় বাবু খাঁ। ছবি: আবদুস সালাম

রাজধানীর কারওয়ান বাজারে আর দশটা দিনের মতো ক্রেতার ভিড় নেই। নেই বিক্রেতাদের হাঁকডাকও। ঈদের ছুটির কারণে এখন চারপাশ অনেকটা ফাঁকা। শুধু বাজারের এক পাশে ডাবের পসরা নিয়ে বসেছেন মো. বাবু খাঁ। মধ্যবয়সী এই ব্যক্তির গ্রামের বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাটিহাঁস গ্রামে।

ঈদে গ্রামের বাড়িতে যাননি? প্রশ্নের উত্তর যেন তৈরিই ছিল বাবুর মুখে। তিনি বললেন, ‘এবার বেচাকেনা ভালা না, আয় হইছে কম। তাই যাই নাই। আট-দশ দিন পর আবার ভালো বেচাবিক্রি হলে দেশে বেড়ায় আসমু।’

ঢাকায় কত বছর ধরে আছেন? বাবু ঝটপট বলে দিলেন—আছি আট-দশ বছর ধরে। আসার পর থাইকাই ডাব বেচি। থাকি কারওয়ান বাজারের পাশে একটি সেলুনের ওপরে। জানালেন, একটি ছোট ঘরে তাঁরা চারজন একসঙ্গে থাকেন। ভাড়া গুনতে হয় ২ হাজার ৮০০ টাকা।

ঢাকায় কেন ও কীভাবে এলেন, সে প্রশ্ন করতে হলো না। বাবু একনাগাড়ে বলেই গেলেন নিজের কথা। বললেন, আগে তিনি ঘুরে ঘুরে দই বিক্রি করতেন গ্রামে গ্রামে। হঠাৎ দুধের দাম বেড়ে গেলে দই বিক্রিতে লাভও কমতে থাকে। বাবু বিকল্প কিছু করার জন্য মনস্থির করেন। এ সময় কথা হয় গ্রামেরই মধ্যবয়স্ক একজনের সঙ্গে। তাঁর নাম মেছের আলী। তিনি ঢাকায় ডাব বেচেন। তিনিই বাবুকে পরামর্শ দিলেন ঢাকায় ডাব বিক্রি করার। মেছের আলীর মাধ্যমে তিনিও ঢাকায় চলে এলেন। সেই থেকে ডাব বিক্রি করেন তিনি। মাঝেমধ্যে গ্রামের বাড়িতে যান; আবার ঢাকায় ফিরে আসেন।

বাবু খাঁ রোজ পাইকারি বাজার থেকে ডাব কিনে খুচরা বাজারে বিক্রি করেন। গরম বেশি পড়লে কারওয়ান বাজারে ডাবের চাহিদা বেড়ে যায়। সে সময় দুই শ আড়াই শ ডাব বিক্রি হলে ৬০০ থেকে ৮০০ টাকা লাভ হয় তাঁর। আজ ঈদের দিনে তিনি দেড় শ ডাব এনেছিলেন। এর মধ্যে অর্ধেক ডাব বিক্রি হয়ে গেছে।

আজ কী করলেন? বাবু বলেন, ‘সকালে উঠে কারওয়ান বাজারের মসজিদে নামাজ পড়ছি। এরপর গেছি মহাজনের ফার্মগেটের বাসায়। সেখানে ফ্ল্যাট বাড়িতে থাকেন তিনি। সেমাই-পোলাও খাওয়াইছে। তবে বাড়ির জন্য মন খারাপ।’

বাড়ির কথা আসতেই বাবু জানালেন, বাড়িতে বউ থাকে। হাঁস-মুরগি আর গরু দেখে। এক ছেলে এক মেয়ে তাঁর। ছেলে সবুজ খাঁ রাজমিস্ত্রির কাজ করেন। আর মেয়ে সাথি আক্তারকে দেড় বছর আগে বিয়ে দিয়েছেন। জীবন-সংসার নিয়ে আক্ষেপ নেই বাবুর। বললেন, ‘এভাবে যদি চলে, তাইলে আর কোনো সমস্যা নাই। তবে ডাবেও লাভ কইমা গেছে।’ আগামী দিনেও কি ডাব বিক্রি করে সংসার চালাবেন? বাবু বলেন, ‘ঢাকায় অনেক কষ্ট, অনেক খরচা। মনতো চায় গ্রামে যাই, সেইখানে বউ–বাচ্চা আছে। কিন্তু গ্রামে থাকলি চলবে না। আয় হবে না। তাই বাইধ্য হইয়া ঢাকাতেই থাকি।’
কথা বলতে বলতে একজন ক্রেতা এসে গেলেন।
এক জোড়া ডাবের দাম কত?
বাবু দাম হাঁকলেন, ৮০ টাকা।