আজও সাফারি পার্কে দর্শনার্থীদের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দর্শনার্থীদের ভিড়। আজ তোলা ছবি। ছবি: সাদিক মৃধা
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দর্শনার্থীদের ভিড়। আজ তোলা ছবি। ছবি: সাদিক মৃধা

ঈদের তিন দিন পর আজ মঙ্গলবারও গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ছিল দর্শনার্থীদের স্রোত। ঈদ উপলক্ষে পাওয়া ছুটি যাঁদের শেষ হয়নি, তাঁরা দূর-দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন সবুজ শ্যামল বিশাল সাফারি পার্কে।

আজ বেলা ১১টায় সাফারি পার্কের প্রধান ফটকে দেখা যায় টিকিট হাতে লম্বা লাইন। সবাই প্রাকৃতিক পরিবেশে বন্য প্রাণী দেখতে ভেতরে ঢুকতে চেষ্টা করছেন। টিকিট কাউন্টারে ভীষণ ভিড়, পার্কিং লট ভরে গেছে গাড়িতে। প্রধান ফটকে টিকিট পরীক্ষার জন্য অতিরিক্ত জনবল প্রয়োগ করা হয়েছে, তবু হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।
পার্কের প্রধান ফটকের বাইরে অপেক্ষমাণ এনজিও কর্মকর্তা আসাদুজ্জামান তাঁর পরিবারের পাঁচ সদস্য নিয়ে নরসিংদী থেকে পার্কে ঘুরতে এসেছেন। তিনি বললেন, ‘সকাল সাড়ে ১০টায় এসে টিকিটের লাইনে দাঁড়িয়েছি। অবশেষ ২০ মিনিটের চেষ্টায় টিকিট পেয়েছি। এত দূর থেকে এসে অবশেষে বন্য প্রাণী দেখা যাবে ভেবে উচ্ছ্বসিত আমরা সবাই।’
পার্কে বেড়াতে এসেছেন লালমাটিয়া থেকে স্কুলশিক্ষক কামরুজ্জামান। তিনি বললেন, ‘পরিবারের ছোট-বড় ১৪ জন এসেছি আমরা। দেশের চিড়িয়াখানায় প্রাণী দেখার থেকে এখানে প্রাকৃতিক পরিবেশে প্রাণী দেখার মাজাই আলাদা। সিংহ, বাঘ, হরিণ দেখে সবচেয়ে বেশি মজা পেয়েছি আমরা।’
নারায়ণগঞ্জ থেকে ১৫ জন বন্ধু সাফারি পার্কে ঘুরতে এসেছে। এই প্রথম এত বিশাল পরিসরে প্রাণী দেখার আনন্দ তাদের চোখ-মুখে। ক্যাঙারুর বাসস্থানের সামনে তাদের সঙ্গে কথা হয়। এই দলের সদস্য একাদশ শ্রেণির আজাদ শাহরিয়ার বলল, তারা ১৫ বন্ধু ঈদের আগেই পরিকল্পনা করেছিল পার্কে আসবে। আজ প্রথম এসে নতুন অভিজ্ঞতা হয়েছে তাদের।
পরিবারের সঙ্গে বেড়াতে এসেছে ময়মনসিংহের ভালুকা থেকে হৃদী নামের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। কোন প্রাণী সবচেয়ে বেশি ভালো লাগল? এমন প্রশ্নে সে জিরাফের বিরাট গলা আর পায়ের অনেক প্রশংসা করল!

সাফারি পার্কে পাখির খাঁচা। ছবি: সাদিক মৃধা
সাফারি পার্কে পাখির খাঁচা। ছবি: সাদিক মৃধা

সাফারি পার্কের বন্য প্রাণী পরিদর্শক আনিসুর রহমান বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় প্রচুর দর্শনার্থীর সমাগম হয়েছে। প্রতিদিন সকাল থেকে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দর্শক আসছেন। এবার পার্কে মুভি থিয়েটারে নতুন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। শিশুদের জন্য রোলার কোস্টারসহ বিভিন্ন নতুন রাইড সংযোজন করা হয়েছে।

সহকারী বন সংরক্ষক ও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মো. শাহাবুদ্দিন বলেন, এবার ঈদে প্রথম দিন থেকেই পার্কে দর্শনার্থীর সমাগম অনেক বেশি। দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করা হয়েছে। নিজস্ব ব্যবস্থাপনায় ৮টি বিশেষায়িত মিনিবাসে চড়ে বাঘ, ভালুক, হরিণ, জিরাফ, হাতি, জেব্রা, ঘোড়া, চিতা, সিংহ, বনগরু ও ক্যাঙারু দেখার ব্যবস্থা রয়েছে এখানে। তিনি জানান, পার্কে বিভিন্ন জলজ প্রাণী দেখতে বড় পরিসরে লেক রয়েছে। এগুলোতে পৃথিবীর বিভিন্ন দেশের মাছ ও জলজ প্রাণীর বাস। দর্শকদের জন্য প্যাডেল বোটে চড়ে পানিতে বিভিন্ন প্রজাতির হাঁস দেখার ব্যবস্থাও রয়েছে। খুব শিগগিরই আরও কিছু নতুন প্রাণী আনার প্রক্রিয়া চলছে।