আজও সারা দেশে বৃষ্টির সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে আজ বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অঞ্চল ও স্থানভেদে এই বৃষ্টি হালকা থেকে মাঝারি এবং ভারী থেকে অতিভারী হতে পারে। ভারী কিংবা অতিভারী বৃষ্টি হলে সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা আছে বলেও জানানো হয়েছে।

গতকাল বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের ওডিশা উপকূলের কাছে সৃষ্ট নিম্নচাপটি উপকূল অতিক্রম করে গেলেও তার প্রভাব অপসৃত হয়নি। এ ছাড়া সমগ্র বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। বাংলাদেশ-সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবল অবস্থায় বিরাজ করছে। ওডিশা উপকূল অতিক্রম করা ওই নিম্নচাপ ও মৌসুমি বায়ুর মিলিত প্রভাবে আজও সারা দেশে বৃষ্টি হবে।

পূর্বাভাসে বলা হয়, আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা দুই-তিন ডিগ্রি কমতে পারে। গত কয়েক দিনে রাজশাহী ও পাবনা অঞ্চল এবং রংপুর বিভাগের ওপর দিয়ে প্রবাহিত মৃদু তাপপ্রবাহ আজ প্রশমিত হতে পারে।