আজও হত্যা মামলা নেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মধুপুরের আদিবাসী নেতা চলেশ রিছিলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ২০০৭ সালের ১৮ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় চলেশ রিছিল মারা যান। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলেও পুলিশ আজও তা হত্যা মামলা হিসেবে নেয়নি।মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে চলেশ রিছিলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাঁর স্ত্রী সন্ধ্যারানী সিমসাং বলেন, ‘যারা আমার স্বামীকে ধরে নিয়ে নির্যাতন করে হত্যা করেছে, তাদের বিচার চাই।’আদিবাসী নেতারা জানান, মধুপুরে ইকোপার্ক-বিরোধী আদিবাসীদের আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক ছিলেন চলেশ। ২০০৭ সালের ১৮ মার্চ ময়মনসিংহের একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে মধুপুরের দিকে আসছিলেন তিনি। মাইক্রোবাসটি মুক্তাগাছা উপজেলার কালীবাড়ি বাসস্ট্যান্ড অতিক্রম করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়ক অবরোধ করেন। তাঁরা ওই গাড়ি থেকে চলেশ, প্রতাব, তুহিন ও পীরেনকে ধরে মধুপুরের কাকরাইদে বিএডিসির খামারের ক্যাম্পে নিয়ে যান। সেখানে চলেশের মৃত্যু হয়। চলেশকে হাসপাতালে নেওয়ার পর মধুপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ হোসেনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, দৌড়ে পালানোর সময় চলেশ হোঁচট খেয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। হাসপাতালে আনার পর তাঁর মৃত্যু হয়। ওই রাতেই মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কামরুজ্জামান বাদী হয়ে মধুপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। ময়নাতদন্ত শেষে পরদিন মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ২০ মার্চ চলেশ রিছিলের মরদেহ সমাহিত করার পর সন্ধ্যারানী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বন বিভাগের কর্মকর্তাদের নাম উল্লেখ করে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি গ্রহণ করলেও তা মামলা হিসেবে তালিকাভুক্ত করেনি। এ ঘটনার পর আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) পক্ষ থেকে ঘটনার তদন্ত করা হয়। তদন্ত শেষে ওই তিনটি সংস্থা জানায়, চলেশ রিছিলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও রক্তের দাগ ছিল। দুই হাতের হাড় ও সব আঙুল ভাঙা ছিল। চলেশের মৃত্যুর বিষয়টি তদন্তের জন্য ২০০৭ সালের ৫ মে অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ রফিক উদ্দিনের নেতৃত্বে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সরকার। তদন্ত কমিটির দাবির পরিপ্রক্ষিতে জুনের দ্বিতীয় সপ্তাহে চলেশের মরদেহ তুলে পুনরায় ময়নাতদন্ত করা হয়। বিচার বিভাগীয় তদন্ত কমিটি ঘটনার ব্যাপারে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করে। কিন্তু আজও সেই তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি।২০০৯ সালের ১৮ মার্চ স্থানীয় আওয়ামী লীগ চলেশের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সঞ্চরণসভার আয়োজন করে। মধুপুরের সাংসদ খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সে সভায় যোগ দিয়ে বলেন, তাঁরা এ হত্যার বিচারের ব্যবস্থা করবেন। মামলাটি পুলিশ যাতে রেকর্ড করে এবং বিচারের উদ্যোগ নেওয়া হয়, সে ব্যাপারে নির্দেশ দেবেন। কিন্তু চার বছর পরও মন্ত্রীদের সে কথার বাস্তবায়ন হয়নি।জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি অজয় এ মৃ বলেন, চলেশকে নির্যাতন করে মেরে ফেলা হলেও প্রভাব খাটিয়ে ময়নাতদন্তের প্রতিবেদন খুনিদের নির্দেশনা অনুযায়ী দেওয়া হয়েছে। রহস্যজনক কারণে বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনও প্রকাশ করা হয়নি।টাঙ্গাইলের পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ তানভীর জানান, তিনি আদিবাসী নেতা চলেশ রিছিলের বিষয়ে কিছুই জানেন না। তাঁর পরিবারের লিখিত অভিযোগটি কী অবস্থায় আছে, খোঁজ নিয়ে দেখবেন।