আজও ১০ ঘণ্টা!

‘কাল আমার এক আত্মীয় এখানে ১০ ঘণ্টা আটকে ছিলেন। পরিস্থিতি যা দেখছি, তাতে আজ আমাদেরও হয়তো এখানে ১০ ঘণ্টা আটকে থাকতে হবে।’ চোখেমুখে বিরক্তি নিয়ে কথাগুলো বললেন আমজাদ হোসেন (৪৫)। ঈদ উদ্যাপনে স্ত্রী ও ছেলেকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে আজ শনিবার ঢাকা থেকে যশোর যাচ্ছেন তিনি। মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট-সংলগ্ন নালী এলাকায় এসে গাড়ির জটে পড়েছেন।
এলাকা ঘুরে দেখা যায়, গতকাল শুক্রবারের মতো আজও পাটুরিয়া ঘাটে ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে সহস্রাধিক গাড়ি, যাত্রীবাহী বাস। পাটুরিয়া জিরো পয়েন্ট থেকে পাটুরিয়া-উথলি সংযোগ সড়কে নবগ্রাম পর্যন্ত তিন শতাধিক যাত্রীবাহী বাস রাস্তার পাশে ফেরিতে ওঠার অপেক্ষায় আছে। দীর্ঘ সময় অপেক্ষার কারণে ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা। ব্যক্তিগত গাড়িগুলোর ফেরি পারের ক্ষেত্রে গতকাল তিনটি বাইপাস দিয়ে ফেরি ঘাটে পৌঁছানোর সুযোগ থাকলেও আজ শুধু তেপড়া থেকে নালী সড়ক খোলা রাখা হয়েছে।
গাড়িতে অপেক্ষমাণ আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ফেরি পারের জন্য আজও ১০ ঘণ্টা অপেক্ষা করতে হবে।’
ওয়াহিদউজ্জামান নান্নু (৪০) নামের আরেক যাত্রী প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ১০টার সময় নবগ্রাম এলাকায় পৌঁছায় তাঁদের বহনকারী বাস। বিকেল সাড়ে চারটা পর্যন্ত ছয় ঘণ্টায় মাত্র দুই কিলোমিটার পথ পাড়ি দিতে পেরেছে বাস। তিনি স্ত্রী এবং আট ও তিন বছর বয়সী দুই ছেলেকে নিয়ে টিআর পরিবহনে করে ঝিনাইদহ যাচ্ছেন। তিনি অভিযোগ করেন, ফেরিতে যানবাহনের চেয়ে লোক বেশি পার করায় এত বেশি গাড়ি জটের সৃষ্টি হয়েছে। অনেকে ঘাটের এই প্রান্তে বাস থেকে নেমে হেঁটে ফেরিতে উঠছে। অন্য পাড়ে গিয়ে ফেরি থেকে নেমে অন্য বাস ধরে গন্তব্যে যাচ্ছে। এ ধরনের যাত্রী বেশি ওঠায় যানবাহনগুলো ফেরিতে বেশি সংখ্যায় উঠতে পারছে না।
এ অভিযোগ স্বীকার করে শাহ মখদুম ফেরির মাস্টার মো. হানিফ প্রথম আলোকে বলেন, এই যাত্রীরা ২৫ টাকায় টিকিট কেটে তাড়াহুড়ো করে ফেরিতে উঠে পড়ছে। তাদের নামানো যায় না। এ কারণেও যানবাহন ফেরিতে কম উঠতে পারছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল প্রথম আলোকে বলেন, ঈদের সময় যাত্রী বেশি থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মানিকগঞ্জ জেলার ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, যানজটের কারণে বিশৃঙ্খল পরিস্থিতির যেন সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।