আজকেও ঢাকা ছাড়ছে অনেকে
কাল ঈদ। তাই শেষ সময়ে নীড়ে ফিরছেন মানুষ। তবে আজ সোমবার খুব একটা ভিড় নেই টার্মিনালগুলোতে। যদিও গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনালে ভিড় ছিল যাত্রীদের। সময়মতো বাস না ছাড়ায় পোহাতে হয় ভোগান্তিও।
টানা তিন দিনের যানজটের পর আজ সোমবার ভোর থাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক স্বাভাবিক রূপ ফিরে পেয়েছে। ফলে উত্তরবঙ্গে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের আজ আর যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে না।
এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আজ সোমবারও যানবাহন পারাপার স্বাভাবিক হয়নি। দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যানবাহনের চাপ না থাকলেও পাটুরিয়া ঘাটে এখনো যানবাহন ও মানুষের চাপ রয়েছে। তাই পারাপার স্বাভাবিক হয়নি।
গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ব্যাগ-স্যুটকেস নিয়ে যাত্রীরা অপেক্ষা করছেন। বিভিন্ন গন্তব্যের বাস ছেড়ে যাচ্ছে। দুই সন্তানকে নিয়ে বাসের অপেক্ষা করছিলেন আবু তাহের। যাবেন গোপালগঞ্জ। তিনি প্রথম আলোকে বলেন, ‘আগে পাটুরিয়া ঘাটে গিয়ে পরিস্থিতি দেখব। শুনলাম, সকাল থেকে নাকি ঘাটে যানজট কম।’
টার্মিনালের বাইরে বাসের চালকের সহকারীরা ‘পাটুরিয়া ১০০, ডিরেক্ট পাটুরিয়া ১০০’ বলে যাত্রী হাঁক দিচ্ছিলেন। পাটুরিয়া ঘাটে বাসের যানজট থাকায় সরাসরি গন্তব্যে না গিয়ে অনেকেই এসব বাসে করে পাটুরিয়া যাচ্ছিলেন। পরে ফেরি পার হয়ে দৌলতদিয়া থেকে গন্তব্যে যাবেন।
বগুড়া, হিলি, পাঁচবিবি ও জয়পুরহাটের যাত্রী নিয়ে হানিফ পরিবহনের একটি বাস দুপুর পৌনে ১২টায় ছেড়ে যায়। বাসের প্রায় সব আসনেই যাত্রী আছে। কথা বলে জানা যায়, বাসটি সকাল সাড়ে ১০টায় ছাড়ার কথা ছিল।
বাসের যাত্রী শামীমা নাসরিন জানান, তিনি বগুড়া যাওয়ার জন্য বেলা দুইটার বাসের টিকিট কেটেছিলেন। কিন্তু সকালেই চলে আসেন টার্মিনালে। দুপুর পৌনে ১২টার বাসে আসন ফাঁকা থাকায় পরিবহনের লোকজন এই বাসে তুলে দিয়েছেন।
হানিফের কাউন্টারে কর্মরত মোজাম্মেল হোসেন বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দীর্ঘ যানজট গতকাল সন্ধ্যার পর থেকে স্বাভাবিক হওয়ায় বাসগুলো সময়মতোই পৌঁছাচ্ছে। নির্ধারিত সময়ের বড়জোর এক ঘণ্টা দেরি হচ্ছে বাস ছাড়তে। আজকেও বাসে যথেষ্ট যাত্রী আছে।
কল্যাণপুরের বাস কাউন্টারগুলো থেকে বিভিন্ন গন্তব্যের বাস ছাড়ে। সেখানে গিয়ে দেখা যায়, ঈদে ঘরমুখী মানুষ এখনো ঢাকা ছাড়ছেন। যাত্রীদের অনেকে পরিবার আগে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, এখন নিজে যাচ্ছেন। তবে গত কয়েক দিনের তুলনায় ভিড় কম।
এস আর পরিবহনে কুষ্টিয়া যাবেন মাহমুদ হোসেন। তিনি বলেন, যারা বাড়ি যাওয়ার তারা আগেই চলে গেছে। ঈদের আগের দিন বলে এখন আর যানজটের ভোগান্তি নেই। তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে পারব।