আজকের চেয়ে কাল ভালো যাবে, পরশু হবে শ্রেষ্ঠতম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ‘আজকের দিনের চেয়ে আগামী দিন আরও ভালো যাবে আর তার পরের দিনটা হবে শ্রেষ্ঠতম, তেমন বিশ্বাস প্রাণে রেখেই জাগতে হবে আমাদের।’গতকাল বৃহস্পতিবার সকালে আনন্দমোহন সরকারি কলেজের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে বইপড়া কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে শতাধিক ছাত্র-শিক্ষক উপস্থিত ছিলেন। পরে তিনি শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী সাইকেলে দেশ ভ্রমণ কর্মসূচির উদ্বোধন করে বলেন, মাদক সর্বনাশা। একে রুখতে সবাই এগিয়ে না এলে বিপর্যয় এড়ানো যাবে না। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সুনাগরিক হিসেবে দেশের জন্য নিজেদের গড়ে তুলতে হবে। মাদককে ‘না’ বলতে হবে।উদ্বোধনী অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করে বইপড়া কর্মসূচির সমন্বয়ক গ্রন্থাগার ইনচার্জ অধ্যাপক আফজাল রহমান বলেন, ‘২০ হাজার শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানে আমরা বইপড়া কর্মসূচির বই কিনে কুলাতে পারছিলাম না। এমন মুহূর্তে বিশ্বসাহিত্য কেন্দ্র যুক্ত হলো। তিনি আরও জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের আনন্দমোহন কলেজে আগমনের স্মৃতিকে ধরে রাখতে সার্ধশততম জন্মবার্ষিকীতে যে বছরব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে সেখানে রবীন্দ্রপঠন প্রতিযোগিতা রাখা হয়েছে। একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের বিশেষ বইপড়া কর্মসূচিও শুরু হবে আগামী মাসে।