আজকের দিনটি প্রকৌশলীদের
আজ শনিবার প্রকৌশলী দিবস। ১৯৪৮ সালের এই দিনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) প্রতিষ্ঠিত হয়। এর পর থেকে প্রতিবছর দিনটিকে প্রকৌশলী দিবস হিসেবে পালন করছেন প্রকৌশলীরা। এ উপলক্ষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে আইইবি।দিবসটি উপলক্ষে গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আইইবির নেতারা অভিযোগ করেন, সরকারি ও বেসরকারি সংস্থাগুলোয় প্রকৌশলীদের পদে অপ্রকৌশলীদের পদায়ন করা হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রকৌশলীদের দুই হাজার ৭৮১টি শূন্য পদের মধ্যে মাত্র ৪০০টি পদ পূরণ করা হয়েছে। এই পরিস্থিতিতে সরকারি প্রতিষ্ঠানগুলোয় অস্থায়ীভিত্তিতে প্রকৌশলী নিয়োগ এবং প্রয়োজনে তাঁদের জন্য স্বতন্ত্র ক্যাডার সৃষ্টি করে নিয়োগ দিতে হবে।সংবাদ সম্মেলনে আইইবির সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক আবদুস সবুর, মুনির উদ্দিন আহমেদ, মেসবাহুর রহমান, খান মনজুর মোরশেদ প্রমুখ বক্তব্য দেন।প্রকৌশল দিবস ও আইইবির ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেমিনারকক্ষে ‘বাংলাদেশে প্রকৌশল (ইঞ্জিনিয়ার্স ইন বাংলাদেশ): চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এ ছাড়া পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে আছে প্রকৌশলী চাকরি মেলা, কৃতী প্রকৌশলীদের স্বীকৃতিদান এবং অর্থনৈতিক উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা নিয়ে সেমিনার।