আজকের দিনটি বাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারডেম হাসপাতালের ১৩০৩ নম্বর কেবিনে বাবার পাশে রাতদিন বসে থাকেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আরিফ। দুই মাস ধরে বাবা নুরুল ইসলাম ভীষণ অসুস্থ। সারা দিনই কেটে যায় বাবার সেবায়। সারা রাত কাটে বাবার পাশে জেগে। ক্লান্তি আসে না? আরিফের চোখ ছলছল, ‘বাবার পাশে আজীবন বসে থাকলেও ক্লান্ত হব না।’ বাবা এমনই এক আবেগের নাম।সবার জীবনেই বাবা স্বপ্ন-পুরুষ। অভিযোগ-অভিমানে বাবা সব সন্তানের পরম আশ্রয়। শৈশব থেকেই বাবা নামের বটবৃক্ষের ছায়ায় বেড়ে ওঠে সব সন্তান। তাঁর পদাঙ্ক অনুসরণেই সে এগিয়ে চলে সামনের দিকে।আজ বিশ্ব বাবা দিবস। দিবসটি পালনের ইতিহাস অবশ্য খুব বেশি দিনের নয়। ১৯১০ সালের ১৯ জুন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পালিত হয় প্রথম বাবা দিবস। এখন জুন মাসের তৃতীয় রোববার বাবা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আমেরিকার স্বাধীনতাসংগ্রামের এক সৈনিক উইলিয়াম জ্যাকসন স্মার্ট। ষষ্ঠ সন্তানের জন্ম দিতে গিয়ে স্ত্রীর মৃত্যুর পর পূর্ব ওয়াশিংটনের গ্রামে সন্তান লালনের ব্রত নেন স্মার্ট। অসীম দরদ দিয়ে তিনি ভুলিয়ে দেন ছেলেমেয়েদের মায়ের অভাব। স্মার্টের সবচেয়ে বড় মেয়ে সনোরা লুইস স্মার্ট ১৯০৯ সালে মা দিবসে একটি বক্তৃতা শোনেন। বাড়িতে ফিরেই তিনি সিদ্ধান্ত নিলেন, বাবাকে বিশেষ সম্মানে সম্মানিত করতে হবে। এ চিন্তা থেকেই পরের বছর বাবা দিবস আয়োজন করেন। এতে সমর্থন জানান অঙ্গরাজ্যের গভর্নর আর শহরের মেয়র।১৯৬৬ সালে মার্কিন প্রেসিডেন্ট জনসন বাবা দিবসকে রাষ্ট্রীয় ছুটির দিন ঘোষণা করেন। ১৯৯৯ সালে বাবা দিবস পঞ্চম জনপ্রিয় কার্ড আদান-প্রদান দিবস হিসেবে জায়গা করে নেয়। বাংলাদেশে বাবা দিবস পালন একেবারেই নতুন। সাধারণত পাশ্চাত্যে বাবারা ব্যস্ততার কারণে সন্তানদের যথেষ্ট সময় দিতে পারেন না বলে সেখানে বাবা ও সন্তানের জন্য এটি একটি বড় উপলক্ষ। আমাদের দেশের অধিকাংশ বাবাই সন্তানের চিন্তায় সারাক্ষণ বিভোর থাকেন। তাই এক হিসেবে এখানে প্রতিটি দিনই একটি করে বাবা দিবস। আমাদের দেশে সাধারণত বাবার অবস্থান কিছুটা শাসন আর অনেকটাই গাম্ভীর্যে পরিবৃত। তবে তা বাবা ও সন্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনো বাধা হয়ে দাঁড়ায় না। বাবা দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের মতো আমাদের এখানেও কর্মসূচি পালন করা হবে। বিকেল পাঁচটায় জ্ঞানালোক সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে রাজধানীর শান্তিনগরে ওয়ার্ল্ডওয়াইড ইমিগ্রেশন কনফারেন্স সেন্টারে আলোচনা ও স্বরচিত কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বাবা দিবসকে উপলক্ষ করে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল বাজারে ছেড়েছে গানের অ্যালবাম পিতা। আজ অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে।