আজকের দিনটি বিজ্ঞানের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞানচিন্তা

একদল তরুণ-তরুণী আমাদের ঘিরে ধরে। ওরা বিজ্ঞানচিন্তার পাঠক। ওরা শুধু পাঠকই নয়, বিজ্ঞানচিন্তার লেখকও। বলে, প্রতিষ্ঠাবার্ষিকীতে জমজমাট অনুষ্ঠান চাই। ওরাই বিজ্ঞানচিন্তার প্রাণ।

কী করা যায়, আমরাও ভাবছিলাম। নিশ্চয়ই বিশেষ অনুষ্ঠান করব। সেটা হয়তো মাস দুয়েক পর। কিন্তু আজ, ১৫ অক্টোবর, প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন। দিনটি স্মরণীয় করে রাখব।

আসুন না আজকের দিনটি আমরা তরুণদের জন্য ‘বিজ্ঞান দিবস’ হিসেবে পালন করি।

গত বছরের ১৫ অক্টোবর তরুণদের জন্য মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা বাজারে আসে। আজ এক বছর পূর্তির মুহূর্তে বিজ্ঞান দিবসের কথাটাই প্রথমে বড় হয়ে সামনে এল।

আজকের দিনটি হোক শুধুই বিজ্ঞানের জন্য। আমাদের সবার মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে হবে। বিজ্ঞানচিন্তায় অভ্যস্ত হতে হবে। না হলে আমরা জ্ঞান-বিজ্ঞানে অগ্রসরমাণ এই বিশ্বের সর্বশেষ অর্জনগুলো সম্পর্কে জানতে-বুঝতে পারব না। আমাদের তরুণেরা পিছিয়ে পড়বে।

জাতিসংঘ বা ইউনেসকো ঘোষিত অনেক আন্তর্জাতিক দিবস আমাদের দেশে পালন করা হয়। কিন্তু বিজ্ঞান দিবস? না সে রকম দেখি না। অথচ ইউনেসকো ঘোষিত একটি দিবস আছে। ‘ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট’। শান্তি ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক বিজ্ঞান দিবস। প্রতিবছর ১০ নভেম্বর বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়।

তা ছাড়া ভারতে পালন করা হয় ‘জাতীয় বিজ্ঞান দিবস’। প্রতিবছর ২৮ ফেব্রুয়ারি। ১৯২৮ সালের এই দিনে স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন ফোটনের বিচ্ছুরণবিষয়ক ‘রমন এফেক্ট’ আবিষ্কার করেন। এ জন্য ১৯৩০ সালে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। তাঁর স্মরণে ভারতে এই দিনে প্রতিবছর জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়।

বিজ্ঞানসচেতনতা সৃষ্টির জন্য আন্তর্জাতিক দিবস পালনের পাশাপাশি একটি জাতীয় দিবসও পালন করা যে খুব দরকার, সেটা সবাই উপলব্ধি করি। দেশে প্রতিবছর বিজ্ঞান দিবস পালন এখন একেবারে দরজায় কড়া নাড়ছে।

বিজ্ঞান এখন সারা বিশ্বেই মনোযোগের কেন্দ্রবিন্দুতে। এই তো মাত্র ছয় মাস আগে ২২ এপ্রিল ২০১৭ বিশ্বের ৬০০ বড় শহরে ১০ লাখের বেশি মানুষ রাস্তায় নেমে এসেছিল। মিছিল করে শুধু একটা কথাই সবাইকে জানিয়ে দিয়ে গেল, সমাজ ও জনমানুষের জন্য বিজ্ঞানকে সামনে নিয়ে আসতে হবে।

নিউইয়র্ক থেকে লন্ডন—সব বড় শহরে এই বিজ্ঞান অভিযাত্রা হয়েছে। আয়োজন করেছেন তরুণেরা। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন বড় বড় বিজ্ঞানী, গবেষক, অধ্যাপক, গায়ক, শিল্পী। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ—সবকিছুর জন্য চাই বিজ্ঞান।

বাংলাদেশও সেই মিছিলে শামিল হয়েছে। ঢাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-শিক্ষার্থীদের উদ্যোগে ‘বিজ্ঞান মিছিল’ ও সেমিনার হয়।

সেখানে বিজ্ঞানচিন্তা সহযোগিতা দিয়েছে। বিজ্ঞান মিছিল ও আলোচনায় অংশ নিয়েছে।

অন্তত পাঁচটি বিষয় সামনে আনতে হবে—নীতিনির্ধারণের সব পর্যায়ে বিজ্ঞানকে বেশি গুরুত্ব দেওয়া; বিজ্ঞানশিক্ষার প্রসার ও সমাজে বিজ্ঞানমনস্কতা সৃষ্টি; প্রত্যন্ত অঞ্চলেও বিজ্ঞান পৌঁছে দেওয়া; বিজ্ঞানের প্রতি তরুণদের উৎসাহ সৃষ্টির বিশেষ উদ্যোগ এবং ব্যাপক জনমানুষের অন্তর্ভুক্তিমূলক বিজ্ঞানসচেতন সমাজ গড়ে তোলা।

এই পাঁচটি বিষয় সামনে রেখে বিজ্ঞানচিন্তা সবার মধ্যে বিজ্ঞান নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছে।

বাংলাদেশে এটি সত্যিই একটি উল্লেখযোগ্য বিষয় যে নিয়মিত একটি বিজ্ঞান ম্যাগাজিন বের হচ্ছে। প্রতি মাসের ঠিক ১৫ তারিখে বিজ্ঞানচিন্তা বের হচ্ছে। এর কোনো ব্যতিক্রম নেই।

বিজ্ঞানচিন্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ১৭ অক্টোবর মঙ্গলবার বেলা তিনটা থেকে পাঁচটা কারওয়ান বাজার সিএ ভবনে প্রথম আলো কার্যালয়ের পঞ্চম তলায় ‘সবার জন্য বিজ্ঞান সমাবেশের’ ক্ষুদ্র আয়োজন করেছি।

আপনারা আসুন। বিজ্ঞানের কথা বলুন। শুনুন। বাংলাদেশে বিজ্ঞান অভিযাত্রায় শামিল হোন।